— প্রতীকী চিত্র।
কর্মীদের বেতন থেকে যে ভাবে সরাসরি গৃহঋণের টাকা কেটে ঋণদাতা ব্যাঙ্ক বা আর্থিক সংস্থার ঘরে জমা পড়ে, সেই ধাঁচেই এ বার মিউচুয়াল ফান্ডে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (এসআইপি) পদ্ধতিতে টাকা জমার ব্যবস্থা আনার প্রস্তাব দিয়েছে সেবি। এ জন্য সম্প্রতি তাদের প্রস্তাবনাপত্রে এ জন্য মিউচুয়াল ফান্ডে তৃতীয় পক্ষের টাকা কেটে নেওয়ার সুবিধার কথা বলা হয়েছে। শনিবার কলকাতায় মূলধনী বাজার এবং সম্পদ পরিচালনা নিয়ে ইন্ডিয়ান চেম্বারের আয়োজিত এক সভায় এই কথা জানান শেয়ার বাজার নিয়ন্ত্রকটির পূর্ণ সময়ের সদস্য অমরজিৎ সিংহ।
সংশ্লিষ্ট মহলের বক্তব্য, এই নিয়ম কার্যকর হলে নথিভুক্ত সংস্থা, ইপিএফও-তে নথিভুক্ত সংস্থা এবং অ্যাসেট ম্যানেজমেন্ট অর্থাৎ সম্পদ পরিচালনাকারী সংস্থাগুলি কর্মীর বেতন থেকে সরাসরি টাকা কাটতে পারবে। কর্মীর পছন্দ করে দেওয়া মিউচুয়াল ফান্ডে সেই তহবিল জমা পড়বে। কালো টাকা লেনদেন আটকাতে এত দিন এই প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছিল। এ বার নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সেই ছাড় দেওয়ার কথা ভাবছে সেবি। পাশাপাশি, টাকার বদলে মিউচুয়াল ফান্ডের ইউনিটে সংশ্লিষ্ট ডিস্ট্রিবাউটরদের কমিশন দেওয়ার প্রথা আনার প্রস্তাবও দিয়েছে সেবি। সিংহ জানান, গ্রাহকের তহবিল পরিচালনা পরিষেবাকে ঢেলে সাজানোর কথাও। আর অনুষ্ঠানে ফান্ড সংস্থাগুলির সংগঠন অ্যাম্ফির সিইও বেঙ্কট এন চালাসানির আবার বক্তব্য, দেশে অনেকেই মূলধনী বাজারে লগ্নিতে ইচ্ছুক। তবে বেশির ভাগেরই সেই সুযোগ নেই। সেবি-র সঙ্গে মিলে তাই বিদ্যালয় স্তর থেকে সঞ্চয় ও লগ্নি নিয়ে প্রশিক্ষণের কথা ভাবা হচ্ছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে