CBSE OSM Controversy 2026

পুনর্মূল্যায়নের আবেদনসংখ্যা ৩ লক্ষ! সিবিএসই-র দেওয়া তথ্যে বাড়ছে সংশয়

পুনর্মূল্যায়নের আবেদনের প্রক্রিয়া শেষ হওয়ার পর সিবিএসই এক্স হ্যান্ডল মারফত জানিয়েছিল, ১.৬ লক্ষেরও বেশি পরীক্ষার্থী পুনর্মূল্যায়নের জন্য আবেদন জানাতে পেরেছেন। মোট আবেদনের সংখ্যা ৩.৮ লক্ষ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১৩:৩৪
Share:

ছবি: সংগৃহীত।

ডিজিটাল পদ্ধতিতে মূল্যায়ন নিয়ে একাধিক অভিযোগ। ৪ লক্ষেরও বেশি পরীক্ষার্থী ১১ লক্ষেরও বেশি উত্তরপত্রের প্রতিলিপি দেখতে চাওয়ার আবেদন জানান। তাতেই ধরা পড়ে, খাতা সঠিক ভাবে দেখাই হয়নি। পরীক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে নতুন করে পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ করে সিবিএসই। নতুন করে মাত্র ৩.৮ লক্ষ উত্তরপত্রের নম্বর যাচাইকরণের আবেদন জমা পড়েছে।

Advertisement

উল্লিখিত তথ্য বোর্ডের তরফেই প্রকাশ করা হয়েছিল। সেই পরিসংখ্যান অনুযায়ী, মে মাসে ৪ লক্ষ ০৪ হাজার ৩১৯ জন পরীক্ষার্থী ১১ লক্ষ ৩১ হাজার ৯৬১ উত্তরপত্রের স্ক্যান করা প্রতিলিপি পাওয়ার আবেদন করেছিলেন। অথচ, জুন মাসে নতুন করে প্রায় ১.৬ লক্ষ পরীক্ষার্থীর ৩.৮ লক্ষ খাতা পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন।

প্রশ্ন উঠছে, বাকিরা কি সকলে নিজেদের খাতা নিয়ে সন্তুষ্ট? গত কয়েক দিনে যে ভাবে পরীক্ষার্থীদের অসন্তোষ ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে, তাতে এত কম পুনর্মূল্যায়নের আবেদন সঠিক নয় বলেই দাবি করছেন অনেকে। যদিও বোর্ডের তরফে জানানো হয়েছিল, পুনর্মূল্যায়ন এবং নম্বর যাচাইকরণের জন্য সবাই আবেদন জমা দিতে পারবেন।

Advertisement

সে ক্ষেত্রে আবেদনের সংখ্যার তারতম্য হওয়া সত্ত্বেও আবেদনের প্রক্রিয়া জারি রাখা হল না কেন? তা নিয়েও প্রশ্ন উঠছে।

অন্য দিকে পুনর্মূল্যায়নের পোর্টাল ছাড়াও ‘পোস্ট রেজাল্ট সার্ভিসেস’ পোর্টালটির মাধ্যমেও পরীক্ষার্থীরা আবেদন জমা দিয়েছেন বলে জানিয়েছিল বোর্ড। সংশ্লিষ্ট পোর্টালটির মাধ্যমে প্রথমে যাঁরা স্ক্যান করা উত্তরপত্রের প্রতিলিপির জন্য আবেদন জমা দিয়েছিলেন, তাঁরা নম্বর যাচাই করা কিংবা পুনর্মূল্যায়নের পর খাতা দেখার সুযোগ পাবেন। তাই বাকি পরীক্ষার্থীরা এই পোর্টাল মারফত আবেদন জমা দিয়ে থাকলে, সেই সংখ্যাটি কত? তা জানা যায়নি।

সিবিএসই সূত্রে খবর, আগে পরীক্ষার্থীদের রোল নম্বর ওই পোর্টালে নথিভুক্ত না থাকলে নতুন করে আবেদন জমা দেওয়া যাবে না। তবে, বর্তমানে আবেদনের প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। এখন পুনর্মূল্যায়নের প্রক্রিয়া চলছে। তবে, কবে ফল প্রকাশিত হতে চলেছে— সেই সম্পর্কে কোনও তথ্য বোর্ডের তরফে জানানো হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement