--ফাইল চিত্র।
আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। সদ্য বিধানসভা নির্বাচনে বিজেপি জয় করেছে পশ্চিমবঙ্গ। সে দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন কলকাতায়। তাই বিভিন্ন স্কুলকে যোগ দিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে।
এ দিকে, ওই দিনই নিট ইউজি-র বাতিল হওয়া পরীক্ষা ফের নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সারা দেশের সঙ্গে কলকাতা-সহ সারা রাজ্যে বেশ কয়েকটি পরীক্ষাকেন্দ্র রয়েছে। বিভিন্ন এলাকা থেকে পরীক্ষার্থীরা আসবেন পরীক্ষা দিতে। ফলে পরিস্থিতি নিয়ে আশঙ্কার কালো মেঘ ঘনাচ্ছে। স্কুলগুলিও খানিক ধন্দে।
জানা গিয়েছে, পড়ুয়াদের নিয়ে ওই অনুষ্ঠানে যোগ দিতে হবে বলে কলকাতার বেশ কিছু স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে। বাকি স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ৪৫ পর্যন্ত স্কুলেই অনুষ্ঠান করতে হবে। তার ছবি ও ভিডিও পোর্টালে আপলোড করতে হবে।
কলকাতার এক স্কুলের তরফে জানা গিয়েছে, মঙ্গলবার থেকে প্রতিদিন যে ভাবে স্কুলশিক্ষা দফতর যোগ দিবস পালন করতে বলেছে সে ভাবেই করা হচ্ছে। কিন্তু ২১ জুন কোনও ভাবেই তা পালন করা সম্ভব নয়। ওই রবিবার নিট ইউজি পরীক্ষাকেন্দ্র হিসাবে কাজ করবে ওই স্কুল। শিক্ষক-শিক্ষাকর্মীদের কাজের দায়িত্ব রয়েছে। তাঁরা পড়ুয়াদের নিয়ে রেড রোড বা ব্রিগেডে যেতে পারবেন না।
গত ৩ মে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় গোটা দেশ তোলপাড়। শেষে ১২ মে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ফের পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেন তিনি। ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের দিনে এই পরীক্ষা হবে। প্রশ্ন ফাঁস রুখতে বায়ুসেনার মাধ্যমে প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার কথা। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন কেন্দ্রে রয়েছে। সেখানে সেই স্কুল কী ভাবে ওই অনুষ্ঠানে যোগ দেবেন সেটা নিয়েই সমস্যা। বিশেষত, এক বার প্রশ্নফাঁসের ঘটনায় যখন দেশ উত্তাল, তখন সকলের নজর রয়েছে পুনঃপরীক্ষার দিকে।
কলকাতার আর একটি স্কুলের প্রধান জানান, তাঁর স্কুলেরও ডাক পড়েছে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে। সম্ভবত সে দিন সকালে ব্রিগেডে অনুষ্ঠান করবেন তিনি। পড়ুয়াদের সেখানে পাঠাতে হবে। কিন্তু নিট-এর কেন্দ্র হিসাবে কাজ করবে স্কুল। তিনি বলেন, “সব দিক সামাল দিতে আগে থেকেই অনেক রকম পরিকল্পনা করে রাখতে হচ্ছে। নিট ইউজি-এর মতো এ রকম একটি গুরুত্বপূর্ণ দিনে বাড়তি কোনও অনুষ্ঠানে যোগ দিতে হলে ঝুঁকি তো থেকেই যাবেই।’’
যদিও কলকাতার বহু স্কুলের তরফে জানা গিয়েছে, যোগ দিবসের অনুষ্ঠানে যোগদান সংক্রান্ত কোনও নির্দেশিকা বিকাশ ভবনের তরফে আসেনি। তবে সরকারি নির্দেশ পাওয়া গিয়েছে।
স্কুলশিক্ষা দফতর সূত্রের খবর, মঙ্গলবার থেকেই সব স্কুলে শুরু হয়েছে যোগ পালন। কোন দিন, কোন জেলা এই অনুষ্ঠান করবে তার বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে। যে স্কুল পড়ুয়ারা ওই অনুষ্ঠানে যোগ দেবে, তাদের সংবর্ধনা দেওয়ার জন্য রবীন্দ্র সেতু, ভিক্টোরিয়া মেমোরিয়াল, মুর্শিদাবাদ বা কোচবিহারের বিভিন্ন ঐতিহাসিক স্থানকে বেছে নেওয়ার কথা বলা হয়েছে।