কর্ণ ও জেনিফারের মধ্যে ঠিক কী হয়েছিল? ছবি: সংগৃহীত।
ফের বিয়ে করছেন জেনিফার উইংগেট। ২০১৪ সালে কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে বিচ্ছেদের পরে একাকী ছিলেন দীর্ঘদিন। অবশেষে দুবাইয়ের ব্যবসায়ী ইসমাইল উইলিয়ামকে বিয়ে করছেন তিনি। বিয়ের খবর ছড়াতেই কর্ণের সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে নানা খবর উঠে আসছে।
‘দিল মিল গয়ে’ ধারাবাহিকে জেনিফার ও কর্ণের জুটি জনপ্রিয় হয়েছিল। তাঁদের রসায়নে মুগ্ধ হয়েছিলেন দর্শক। সেখান থেকেই তাঁদের প্রেম শুরু। ২০১২ সালে বিয়ে করেন কর্ণ ও জেনিফার। কিন্তু, মাত্র দু’বছর টিকেছিল সেই বিয়ে। ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন অনুরাগীরা। কিন্তু, কেন ভাঙে সেই সম্পর্ক?
বিচ্ছেদের বেশ কয়েক বছর পরে এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছিলেন জেনিফার। ছোটপর্দার সফল অভিনেত্রী জেনিফার। সেই সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন, যে সময়ে তিনি সাফল্যের শিখরে, সেই সময়েই বিয়ে করেছিলেন কর্ণকে। তাঁর এই সিদ্ধান্ত নাকি পরিবার ও ঘনিষ্ঠদের অনেকেই সমর্থন করেননি। এমনকি জেনিফারের বাবা-মাও নাকি সেই ভাবে বিয়েতে মত দেননি।
সেই সাক্ষাৎকারে জেনিফার বলেছিলেন, “আমার মাথায় তখন নানা ভাবনা ঘোরাফেরা করত। কত লোকে কত কী বলত। আমার সিদ্ধান্ত নিয়ে প্রায় প্রত্যেকে প্রশ্ন তুলেছিল। আমার মা-বাবাও প্রশ্ন তোলেন। কিন্তু আমি কারও কথায় কান দিইনি।” সেই সময়ে বাস্তব নিয়ে ভাবেননি। শুধুই প্রেমের জন্য কর্ণের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। বিয়ে সম্পর্কে পরিষ্কার ধারণা না নিয়েই নাকি বিয়ে করেছিলেন তখন। জেনিফার সেই সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বিয়ের পরে অভিনেত্রীদের অন্য দৃষ্টিতে দেখা হয়। তা জেনেও তখন কর্ণকে বিয়ে করেছিলেন তিনি। অভিনয় ছেড়ে দিতেও প্রস্তুত ছিলেন। কর্ণের সঙ্গে ব্যক্তিগত জীবনে মন দেওয়াই ছিল তাঁর একমাত্র লক্ষ্য।
জেনিফার সেই সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন, “আমি আসলে শুধুই গৃহবধূ হতে চাইতাম সেই সময়ে। তাই তখন কাজ না পেলেও আমার কোনও অসুবিধা হত না।” কর্ণকে বিয়ে করার সিদ্ধান্ত ঠিক না কি ভুল, এই নিয়ে দ্বিতীয় বার ভাবেননি জেনিফার। নিশ্চিত ছিলেন, তিনি ঠিক সিদ্ধান্তই নিচ্ছেন। তাঁর কথায়, “ভগবান এসেও যদি বারণ করতেন কর্ণকে বিয়ে করতে, আমি শুনতাম না।”
কিন্তু সেই বিয়েতেও চিড় ধরতে বেশি সময় লাগেনি। দুই বছর পরে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। কর্ণের সঙ্গে বিচ্ছেদে মন ভেঙেছিল তাঁর। অভিনেত্রী স্বীকারও করেছিলেন, এই বিচ্ছেদ তাঁর মনের উপর প্রভাব ফেলেছে। জেনিফার বলেছিলেন, “আমি আঘাত পাইনি, এটা বললে মিথ্যা বলা হবে। দিনের শেষে আমিও তো মানুষ। আমি খুবই ভেঙে পড়েছিলাম। নিজেকে হারিয়ে ফেলছিলাম। কী হয়ে গেল, বুঝে উঠতে পারছিলাম না। পাথর হয়ে গিয়েছিলাম।” বিচ্ছেদের আঘাত থেকে সেরে উঠতে দু’বছর সময় লেগেছিল জেনিফারের। তা-ও বিচ্ছেদের দায় শুধুই কর্ণের, এমন কখনও বলেননি তিনি। বিচ্ছেদের কারণ নিয়ে প্রশ্ন করা হলেও বরাবর জেনিফার বলতেন, “আমরা বিয়ের জন্যই প্রস্তুত ছিলাম না।”
২০১৫ সালে ‘অ্যালোন’ নামে একটি ছবিতে বিপাশা বসুর সঙ্গে জুটি বেঁধেছিলেন কর্ণ। সেখান থেকে বিপাশার সঙ্গে তাঁর প্রেমের শুরু। ২০১৬ সালে বিয়ে করেছিলেন কর্ণ ও বিপাশা। তাঁদের এক কন্যাসন্তান রয়েছে।