কর্ণ-তেজস্বীর সম্পর্ক নিয়ে আপত্তি ছিল অভিনেতার মা-বাবার? ছবি: সংগৃহীত।
নেটফ্লিক্সে নতুন রিয়্যালিটি অনুষ্ঠান ‘দেশি ব্লিং’ মুক্তি পাওয়ার পরে উচ্ছ্বসিত কর্ণ কুন্দ্র ও তেজস্বী প্রকাশ। কারণ, এই অনুষ্ঠান থেকেই জানা যায় যে, আলোচিত এই জুটি ইতিমধ্যেই বাগ্দান সেরে ফেলেছেন। ‘বিগ বস্ ১৫’-তে পরিচয়ের পরে চার বছরের সম্পর্ক। অবশেষে প্রেমের সম্পর্ককে নতুন নাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
তবে এই সম্পর্কের পথ একেবারেই মসৃণ ছিল না। অনুষ্ঠানে কর্ণ জানান, তাঁর বাবা-মা প্রথমে এই সম্পর্ক নিয়ে আপত্তি তুলেছিলেন। অনুষ্ঠানের তৃতীয় পর্বে কর্ণকে জিজ্ঞাসা করা হয় যে, তিনি এখনও তেজস্বীকে বিয়ের প্রস্তাব দেননি কেন! আগের পর্বগুলিতে তেজস্বী এই প্রশ্ন এড়িয়ে যান। কিন্তু, কর্ণ সকলের সামনে এই নিয়ে খোলামেলা কথা বলেন। তাঁর দাবি, তাঁকে নাকি তেজস্বীর ‘অভিভাবক’ হয়ে থাকতে হয় এবং ভবিষ্যতে সন্তান হলে কী হবে তা নিয়েও তিনি চিন্তিত।
কর্ণ বলেন, “যখন বিয়ের প্রসঙ্গ আসে, তখন এক জনকে স্বামী আর এক জনকে স্ত্রীর ভূমিকা পালন করতে হয়। আমার মনে হয়, ওর হয়তো এখনও খানিকটা বড় হওয়া প্রয়োজন। চাহিদা বা দাবি কমাতে হবে। আমি তো তোমার জন্য সব করে দিতে পারব না!” এর পরেই তিনি বলেন, “খুব বোকা বোকা একটা উদাহরণ দিচ্ছি, ধরো ও (তেজস্বী) কোথাও থেকে ভোর চারটেয় বিমানবন্দরে পৌঁছোবে। তা হলে ও পুরোটাই আমার উপরে ছেড়ে দেয়। মানে আমি কাউকে বলে রাখব যে ওকে বিমানবন্দরে থেকে নিয়ে আসার জন্য। যদি আমি ভুলে যাই? আমি ম্যানেজারের মতো কাজ করি। আক্ষরিক অর্থে ওর অভিভাবক। বাচ্চা বড় করছি।”
কর্ণ জানান যে, তাঁর বাবা-মাও এই বিষয়টি নিয়েই প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেন, “দু-তিন বছর আগে, আমার মা-বাবা বলেন যে, ‘কর্ণ তুমি তো সারাদিন ওর আশপাশে ঘুরছ। ওকে আগলে রাখছ। সবকিছুর খেয়াল রাখছ।’ এখন তো ভবিষ্যতের কথা ভেবে আমিও চিন্তিত। যখন আমাদের সন্তান হবে, তখন এই দায়িত্ব তো দ্বিগুণ হবে।”
তবে সব জল্পনার মাঝেই কর্ণ এই অনুষ্ঠানেই তেজস্বীকে বিয়ের প্রস্তাব দেন। হাঁটু মুড়ে বসে একটি বড় হিরের আংটি ধরে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন। আবেগাপ্লুত হয়ে তেজস্বী বলেন, “আমার হাত-পা কাঁপছে।” এই পর্ব প্রকাশ্যে আসতেই আনন্দিত দুই অভিনেতার অনুরাগীরা। অনুষ্ঠানের ছবি ভাগ করে নিয়েছেন কর্ণ ও তেজস্বীও।