Sohail Khan-Seema Sajdeh

‘ওকে কি ছুরি মারব’? বিচ্ছেদের পরে শত্রুতা? দুই সন্তানকে কী ভাবে সামলান সোহেল ও সীমা

এক সাক্ষাৎকারে সীমা নিজেই জানিয়েছিলেন, সম্পর্কে রোজ ঝগড়া হওয়ার থেকে বিচ্ছেদের পথে হাঁটা ভাল। বিচ্ছেদের পরে শত্রুতা তৈরি হয়েছে সোহেল ও সীমার মধ্যে? মুখ দেখাদেখিও কি বন্ধ? বর্তমানে প্রাক্তন স্বামীর সঙ্গে কেমন সম্পর্ক, তা নিয়ে মুখ খুললেন সীমা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১৪:১৬
Share:

বিচ্ছেদের পরে কেমন সমীকরণ সোহেল-সীমার? ছবি: সংগৃহীত।

সোহেল খান ও সীমা সজদেহের বিচ্ছেদের পরে কেটে গিয়েছে প্রায় চার বছর। ২০২২ সালে দীর্ঘদিনের দাম্পত্যে ইতি টেনেছিলেন তাঁরা। এক সাক্ষাৎকারে সীমা নিজেই জানিয়েছিলেন, সম্পর্কে রোজ ঝগড়া হওয়ার থেকে বিচ্ছেদের পথে হাঁটা ভাল। বিচ্ছেদের পরে শত্রুতা তৈরি হয়েছে সোহেল ও সীমার মধ্যে? মুখ দেখাদেখিও কি বন্ধ? বর্তমানে প্রাক্তন স্বামীর সঙ্গে কেমন সম্পর্ক, তা নিয়ে মুখ খুললেন সীমা।

Advertisement

সীমা এক সাক্ষাৎকারে জানান, অনেকেই ভাবেন, তাঁদের মধ্যে এখন মোটেই সুসম্পর্ক নেই। দু’জনের মধ্যে নাকি শত্রুতার সম্পর্ক। কিন্তু, এই জল্পনা উড়িয়ে দিয়েছেন সীমা। তিনি জানান, দু’জনের মধ্যে যথেষ্ট ভাল সম্পর্ক রয়েছে। তাঁরা সন্তানদেরও একসঙ্গেই ব়়ড় করছেন বলে জানিয়েছেন সীমা।

সম্প্রতি পুণের এক বিয়েবাড়িতে সোহেল, আরবাজ় খান, নীলম কোঠারির সঙ্গে সীমার সাক্ষাতের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়ো নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সেই বিষয়ে সীমা এক সাক্ষাৎকারে বলেছেন, “আমি বুঝি না, কেন সোহেল ও আমাকে একসঙ্গে দেখলে এত আলোচনা হয়। আমার ওর সঙ্গে বিয়ে হয়েছিল। আমাদের দুই সন্তান আছে। আমার দুই সন্তানের বাবা ও। আমরা একটাই পরিবার। এটা আমাদের জীবনের বাস্তব। কেন মানুষ বোঝে না? মানুষ ভাবে, বিচ্ছেদ হয়ে গেলেই শত্রু হয়ে যেতে হবে।”

Advertisement

এর পরেই সীমা জানান, সবার মতোই তাঁর বিচ্ছেদের অভিজ্ঞতাও খুব ভাল নয়। সীমা বলেন, “শোকের পাঁচটি অধ্যায় থাকে, তার মধ্যে ক্রোধ একটি। কিন্তু অবশেষে সবটা স্বাভাবিক হয়ে যায়। আমাদের ভাল না লাগলেও দুই সন্তানের জন্য আমরা পরিবার হিসাবেই থাকব। তাই লোকে যখন জানতে চায়, ‘ওরা কি এখনও একসঙ্গে?’ তখন মনে হয়, বিচ্ছেদের পরে কি প্রাক্তন সঙ্গীকে ছুরি মারতে হয়? আমরা ২০ বছর একসঙ্গে ছিলাম। সবকিছু ওই ভাবে ভেঙে দেওয়া যায় না।”

উল্লেখ্য, ১৯৯৮ সাল। সোহেল এবং সীমার প্রথম বার দেখা হয়েছিল ‘প্যার কিয়া তো ডরনা কেয়া’-র সেটে। তার পর থেকেই তাঁরা সম্পর্কে জড়ান। পালিয়ে গিয়ে বিয়েও করেন। তাঁদের দুই ছেলে নির্বাণ এবং ইয়োহান। বিবাহবিচ্ছেদের আবেদন করার আগে, তাঁরা বেশ কিছু দিন আলাদা থেকেছেন।

পুরনো এক সাক্ষাৎকারে সীমা জানিয়েছিলেন, জীবনকে আবার ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখছেন। নেতিবাচক কোনও কিছুই তাঁকে আর স্পর্শ করে না। সীমা তাঁর নাম থেকে ‘খান’ বাদ দিয়েছিলেন আগেই। সোহেলের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে ইনস্টাগ্রামে তাঁর প্রথম নাম সীমা কিরণ সজদেহ-তে ফিরে গিয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement