নতুন কী ব্যায়াম শেখালেন মলাইকা, বয়স অনেকটাই কম দেখাবে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
তাঁর লাবণ্যে বয়সের গণিত কবেই হার মেনেছে। যত দিন যাচ্ছে, ততই যেন মোহময়ী হয়ে উঠছেন মলাইকা অরোরা। তাঁর ছিপছিপে কোমর ও চেহারার গড়ন বহু বলি অভিনেত্রীর কাছেই ঈর্ষণীয়। যে কোনও পোশাকেই আবেদনময়ী মলাইকা। তাঁর মতো নির্মেদ চেহারা চান অনেক মহিলাই। তা পাওয়াও খুব কঠিন কাজ নয়। জিম, যোগব্যায়াম কিংবা পিলাটেজ়— সবেতেই সিদ্ধহস্ত মলাইকা। নিত্যনতুন ব্যায়ামের পদ্ধতিও শেখান তিনি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে রেজ়িস্ট্যান্ট ব্যান্ড নিয়ে নতুন কিছু শারীরিক কসরত শিখিয়েছেন।
রেজ়িস্ট্যান্স ব্যান্ড নিয়ে ব্যায়াম যে কোনও বয়সেই করা যায়। এতে সব সময়ে ভারী ওজন তোলার প্রয়োজন হয় না। পেট, হাত ও পায়ের অতিরিক্ত মেদ কমাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে রেজ়িস্ট্যান্স ব্যান্ড। নিয়মিত এই ব্যায়াম করলে সারা শরীরের মেদ ঝরে, পেশির জোর বাড়ে এবং চেহারার গড়নও সুন্দর হয়।
রেজিস্ট্যান্স ব্যান্ড বাইসেপ কার্ল
হাতের মেদ ঝরাতে এমন ব্যায়াম করারই পরামর্শ দিচ্ছেন মলাইকা। শিখিয়েছেন সে পদ্ধতিও। ব্যান্ডের মাঝখানের অংশটি দুই পায়ের নীচে চেপে সোজা হয়ে দাঁড়ান। এ বার ব্যান্ডের দুই প্রান্ত দুই হাত দিয়ে শক্ত করে ধরুন। কনুই শরীরের সঙ্গে ঠেকিয়ে রেখে ব্যান্ডের প্রান্ত দুটিকে টেনে কাঁধের দিকে তুলুন এবং আস্তে আস্তে নামান।
ইলাস্টিক ব্যান্ড রোয়িং
একটি রেজ়িস্ট্যান্স ব্যান্ড শক্ত কিছুর সঙ্গে আটকে দু’হাত দিয়ে পিছন দিকে টানতে হবে। এটি পিঠ, কাঁধ ও হাতের পেশি মজবুত করে। নিয়মিত করলে ফুসফুসের ব্যায়ামও হয়। শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে এই ব্যায়াম।
গ্লুট ব্রিজ উইথ ব্যান্ড
মেঝেতে ম্যাট পেতে পিঠ ঠেকিয়ে শুয়ে পড়ুন। হাঁটুর উপরে ব্যান্ডটি লাগানো থাকবে। এ বার হাঁটু মুড়ে পা দুটি মাটিতে রাখুন এবং কোমর ও নিতম্বের অংশটি উপরে তুলুন। কোমর তোলার সময়ে দুই হাঁটু দিয়ে ব্যান্ডটিকে বাইরের দিকে ঠেলার চেষ্টা করুন। কয়েক সেকেন্ড সেই ভঙ্গি ধরে রেখে আবার নীচে নামান।