Central Government Project

নির্মলাদের সঙ্গে বৈঠকে শুভেন্দু, অর্থবরাদ্দ শুরু

নানা কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বহু কেন্দ্রীয় প্রকল্পের কাজ পশ্চিমবঙ্গে আটকে ছিল। রাজ্যে বিজেপি সরকার আসতেই কেন্দ্রীয় প্রকল্প চালু করে বার্তা দিতে চাইছে মোদী সরকার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ০৮:৫৬
Share:

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র।

আগামী ২০ জুন পশ্চিমবঙ্গে রাজ্য দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেবেন। সে দিনই কলকাতা থেকে পিএম-কিসান প্রকল্প থেকে গোটা দেশের চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এ বারের কিস্তির টাকা পাঠানোর অনুষ্ঠানে যোগ দেবেন। পরের দিন বিশ্ব যোগ দিবসে কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

নানা কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বহু কেন্দ্রীয় প্রকল্পের কাজ পশ্চিমবঙ্গে আটকে ছিল। রাজ্যে বিজেপি সরকার আসতেই কেন্দ্রীয় প্রকল্প চালু করে বার্তা দিতে চাইছে মোদী সরকার। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে ইন্ডিয়া-র বৈঠক করছেন, ঠিক তখন দিল্লিতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একের পর এক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের অর্থ রাজ্যের জন্য চালু করার কাজ করেছেন। সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ও শুভেন্দু গলা মিলিয়ে মমতাকে নিশানা করেছেন। রাতে এক্স হ্যান্ডলে শুভেন্দু লেখেন, ‘পশ্চিমবঙ্গে উন্নয়নের যাত্রায় গতি আনতে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে খুব কার্যকরী বৈঠক হল।’ সেখানেই তিনি ফের আয়ুষ্মান ভারত থেকে শুরু করে কেন্দ্রের বিভিন্ন প্রকল্প রূপায়ণের কথা বলেন।

সোমবার মমতার জমানায় আটকে রাখা ‘মনরেগা’ প্রকল্পের টাকা মঞ্জুর করেছে মোদী সরকার। জুনেই এই প্রকল্প শেষ হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান ৭০০ কোটি টাকা মঞ্জুরের কথা জানান। আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়ায় রাজ্য কেন্দ্রের থেকে চলতি অর্থ বছরে ৯৭৬ কোটি টাকা পাবে। জাতীয় স্বাস্থ্য মিশনের ৩,৫০৫ কোটির কাজও হবে, জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নড্ডা। এর মধ্যে কেন্দ্র দেবে ২,১০৩ কোটি টাকা। তার ৫২৭ কোটি মঞ্জুর করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে জানান, প্রধানমন্ত্রী জনধন যোজনা, জীবন জ্যোতি যোজনা, সুরক্ষা বিমা যোজনার মতো প্রকল্প পশ্চিমবঙ্গে সকলের কাছে পৌঁছে দিতে মাঠে নামবে কেন্দ্র। রাজ্যের শিল্প ক্ষেত্রে কী ভাবে ঋণের জোগান বাড়ানো যায়, তা নিয়ে কথা হয়েছে।

শুভেন্দু শ্রম ও যুব কল্যাণ মন্ত্রী মনসুখ মাণ্ডবীয়র সঙ্গেও বৈঠক করেন। নড্ডা ও মুখ্যমন্ত্রী একসঙ্গে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু করতে কেন্দ্র-রাজ্যের মধ্যে চুক্তি সইয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন। নড্ডা বলেন, ‘‘এই প্রকল্প চালু করতে অনুরোধ করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন— ‘হবে না’। আমিও বলেছিলাম— ‘হবে’।” নড্ডা মমতার দিল্লিতে উপস্থিতি নিয়ে কটাক্ষ করে বলেন, ‘‘যাঁরা ‘হবে না, হবে না’ বলেন, তাঁদের কী হাল হয়, দেখুন।’’ নড্ডার অভিযোগ, যখন আর্থ-সামাজিক জানগণনার তথ্যের ভিত্তিতে রাজ্যের মানুষের কাছে আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম পাঠানো হয়েছিল, তা ডাকঘর থেকে নর্দমায় ফেলে দেওয়া হয়।

অনুষ্ঠানে দিল্লির রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী ও প্রবাসী বাঙালিরাও হাজির ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই প্রবাসী বাঙালি, রাজ্যের পরিযায়ী শ্রমিকরাও আয়ুষ্মান ভারতের সুবিধায় যে কোনও রাজ্যে বিনা খরচে চিকিৎসার সুবিধা পাবেন।’’ রাজ্যের মুখ্যসচিব দাবি করেন, রাজ্যের ১.৪৩ কোটি পরিবার, অর্থাৎ প্রায় ৬ কোটি মানুষ এর সুফল পাবেন। এ দিন শ্রমমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে রাজ্যে শ্রম বিধি চালু করার জল্পনা শুরু হয়। মন্ত্রী জানান, রাজ্যে ক্রীড়া ক্ষেত্রে উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন