তীব্র গরমে কী ভাবে ত্বক সুস্থ রাখবেন? ছবি: সংগৃহীত।
সকালে রোদের তেজ, রোদ প়ড়লে ঘামের অস্বস্তি। সারা দিনে নিস্তার নেই এই গরম থেকে। তার প্রভাব পড়ছে ত্বকে, চুলে ও স্বাস্থ্যে। ঘাম, ধুলোময়লার পাশাপাশি অতিরিক্ত শুষ্কতা ও রুক্ষতাও ত্বকের দফারফা করে দিয়েছে। তার উপরে ঘামের দুর্গন্ধে অপ্রস্তুত হওয়ার জোগাড়! কী ভাবে এমন পরিস্থিতিকে সামাল দেবেন? কাজে আসতে পারে করিনা কপূর, আলিয়া ভট্টের পুষ্টিবিদ রুজুতা দিবেকরের তিন টোটকা।
গরমের সঙ্গে পাল্লা দেওয়ার তিনটি টোটকা কী কী?
১. স্নানের জলে এক মুঠো নিমপাতা ভিজিয়ে রাখতে বলেছেন রুজুতা। সেই জলে স্নান করলে খুশকি হওয়া বা মুখে ব্ল্যাকহেড্স হওয়ার সমস্যা থেকে খানিক রেহাই মিলতে পারে।
২. দুপুরে খাবার খাওয়ার পর ঘরে পাতা টক দই বা ছাস পান করার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদ। এর ফলে গ্রীষ্মের দুপুরের ক্লান্তি কমতে পারে। তা ছাড়া হুটহাট মিষ্টি খাওয়ার তাগিদও কমবে এই সময়ে।
৩. পানীয় জলে খস বা ভেটিভার (এক প্রকার ভেষজ সুগন্ধি ঘাস এবং এটি সাধারণত প্রসাধনী ও সিরাপে ব্যবহৃত হয়) মিশিয়ে নেওয়ার কথা বলেছেন রুজুতা। তাঁর দাবি, এটি পান করলে ত্বকের রন্ধ্র সঙ্কুচিত হয় এবং ঘামের দুর্গন্ধ কমে।\
তবে অতিরিক্ত রোদ থেকে বাঁচতে কেবল ঘরোয়া টোটকা প্রয়োগ করলে চলবে না। মেনে চলতে হবে কয়েকটি নিয়ম—
· নিয়মিত জল এবং ওআরএস পান করা
· দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে রোদে না বেরোনোর চেষ্টা করা
· ঢিলেঢালা ও হালকা রঙের পোশাক পরা, যাতে বায়ু চলাচল করতে পারে
· বার বার বিশ্রাম নেওয়া
· যতটা সম্ভব ঠান্ডা জায়গায় থাকা