Jhinge Pur Bhaja Recipe

গ্রীষ্মে ঝিঙের তরকারি খেয়ে খেয়ে অরুচি ধরে গিয়েছে? সর্ষে-পোস্ত দিয়ে বানিয়ে নিন পুরভাজা

একঘেয়েমি কাটাতে গ্রীষ্মের সব্জি ঝিঙে দিয়ে নতুন ধরনের সব্জি বানিয়ে নিন। ঝিঙের ভিতরে সর্ষে, পোস্ত ও নারকেলের পুর দেওয়া ভাজা খাইয়ে প্রশংসা কুড়োতে পারেন বাড়িতে। রইল রন্ধনপ্রণালী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ১২:০০
Share:

পুরভরা ঝিঙে ভাজা। ছবি: এআই সহায়তায় প্রণীত।

গ্রীষ্মে বাজার ভর্তি হয়ে উঠেছে ঝিঙে, লাউয়ের মতো সব্জিতে। জল টলটলে, আরামদায়ক এই সব্জিগুলিই তো এখন রাজত্ব করবে হেঁশেলে। কিন্তু সারা মরসুমে ঝিঙে দিয়ে সেই ‘থোড়বড়িখাড়া’ রান্না কাঁহাতক ভাল লাগে! একটু অন্য রকমের রান্না এই একঘেয়েমি কাটাতে পারে। ঝিঙের ভিতরে সর্ষে, পোস্ত ও নারকেলের পুর দেওয়া ভাজা খাইয়ে প্রশংসা কুড়োতে পারেন বাড়িতে। রইল রন্ধনপ্রণালী।

Advertisement

উপকরণ

২টি বড় ঝিঙে

Advertisement

১ চা চামচ সর্ষে

১ চা চামচ পোস্ত

২ চা চামচ নারকেল কুড়োনো

১ টেবিল চামচ সর্ষের তেল

৪টি কাঁচালঙ্কা

স্বাদমতো নুন

প্রণালী

ঝিঙের খোসা ছাড়িয়ে দু’প্রান্ত থেকে অল্প অংশ কেটে বাদ দিয়ে ভাল করে ধুয়ে নিন। তার পর সিলিন্ডারের আকারে ছোট ছোট করে কেটে নিন। ভিতর থেকে শাঁসটুকু বার করে নিন চামচ দিয়ে।

অন্য দিকে সর্ষে, পোস্ত, নারকেল এবং কাঁচালঙ্কা মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়ে তাতে স্বাদমতো নুন মিশিয়ে পুর বানিয়ে নিন। ঝিঙের টুকরোগুলির ভিতরে সেই পুরগুলি ভরে ফেলুন।

এ বার ফ্রাইয়িং প্যানে তেল দিয়ে মাঝারি আঁচে গরম করে নিন। তেল ফুটতে শুরু করলেই আঁচ বন্ধ করে দিন। এ বার সেই প্যানে ঝিঙেগুলি খাড়া করে বসিয়ে দিতে হবে। তার পর গ্যাস জ্বালিয়ে দিন আবার। দু’মিনিট বেশি আঁচে রেখে রান্না হতে দিন। তার পর প্যানে ঢাকনা দিয়ে আঁচ কমিয়ে দিন। অন্তত ১০ মিনিট পর ঝিঙের টুকরোগুলি উল্টে দিতে হবে। যাতে পুরের অন্য দিকটিও ভাজা হয়ে যায়।

এ ভাবে আরও মিনিট দশেক রান্না হতে দিন। প্রস্তুত হয়ে গেল পুরভরা ঝিঙে ভাজা। গরম ধোঁয়া ওঠা ভাতে পরিবেশন করুন নতুন ধরনের এই ভাজা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement