Pakistan Cricket Chaos

বাংলাদেশের কাছে চুনকামের পর পাকিস্তানের সাজঘরে অশান্তি! মেজাজ হারালেন কোচ সরফরাজ়

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ়ে ০-২ হেরেছে পাকিস্তান। লজ্জার হারের পর অশান্তি পাকিস্তানের সাজঘরে। মেজাজ হারিয়েছেন দলের কোচ সরফরাজ় আহমেদ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ২২:৪২
Share:

সরফরাজ় আহমেদ। —ফাইল চিত্র।

এত খারাপ পারফরম্যান্স মেনে নিতে পারছেন না সরফরাজ় আহমেদ। বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ়ে ০-২ হেরেছে পাকিস্তান। লজ্জার হারের পর অশান্তি পাকিস্তানের সাজঘরে। মেজাজ হারিয়েছেন দলের কোচ সরফরাজ়।

Advertisement

পাকিস্তান দলের এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, দ্বিতীয় টেস্টে ৫৮ রানে হারের পর ক্রিকেটারদের স্বার্থপর তকমা দিয়েছেন সরফরাজ়। তাঁর মতে, ক্রিকেটারেরা নিজেদের জন্য খেলেছেন। কেউ দলের স্বার্থে খেলেননি। খেলা শেষে দলের সকল ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও ম্যানেজার নাভিদ চিমার সামনে ক্রিকেটারদের কথা শুনিয়েছেন সরফরাজ়।

একমাত্র তরুণ আজ়ান আওয়েস চার ইনিংস মিলিয়ে ২০০ রানের বেশি করেছেন। বাকি কেউ পারেননি। সরফরাজ় ক্রিকেটারদের বলেছেন, “আমাদের খেলা দেখেই বোঝা গিয়েছে, সকলে নিজেদের জন্য খেলেছে। দলকে জেতানোর কথা কারও মাথায় ছিল না। কিন্তু সকলে ভুলে গিয়েছে, এ ভাবে খেললে নিজেদেরও কোনও উন্নতি হয় না। দলও জেতে না। বাকি দলগুলোর দিকে তাকাতে হবে। সকলে সামনের দিকে এগোচ্ছে। আমরা পিছনের দিকে যাচ্ছি।”

Advertisement

অধিনায়ক শান মাসুদের উপরেও ক্ষুব্ধ সরফরাজ়। মাসুদের অধিনায়কত্বে অনেক ফাঁক খুঁজে পেয়েছেন তিনি। বাংলাদেশের মুশফিকুর রহমান ও লিটন দাস আউট ছিলেন। তাঁদের দস্তানায় বল লেগেছিল। কিন্তু মাসুদ রিভিউ নেননি। মুশফিকুর ও লিটনের ইনিংসে হারতে হয়েছে পাকিস্তানকে। সেই কারণেই মাসুদের উপর ক্ষুব্ধ অধিনায়ক।

এর পর জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ়ে খেলতে যাবে পাকিস্তান। তত দিন দলের কোচ থাকার কথা সরফরাজ়ের। কিন্তু তার পর তাঁকে সরিয়ে দেওয়া হতে পারে। অধিনায়কত্ব যেতে পারে মাসুদেরও। তাঁর নেতৃত্বে ১৬ টেস্টের মধ্যে ১২টি হেরেছে পাকিস্তান। সলমন আলি আঘাকে লাল বলের ক্রিকেটেও অধিনায়ক করতে পারে পাকিস্তান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement