IPL 2026

ট্রফি জেতানো অধিনায়ককেই ‘ব্লক’ করে রেখেছে হায়দরাবাদ! আক্ষেপ যাচ্ছে না ওয়ার্নারের

২০১৬ সালে অধিনায়ক হিসাবে সানরাইজ়ার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করেছিলেন ডেভিড ওয়ার্নার। সেই অধিনায়ককেই কি ভুলে গিয়েছে হায়দরাবাদ?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ২০:৩৮
Share:

ডেভিড ওয়ার্নার। —ফাইল চিত্র।

শেষ বার সানরাইজ়ার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করেছিলেন ডেভিড ওয়ার্নার। ২০১৬ সালে ওয়ার্নারের নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল হায়দরাবাদ। সেই অধিনায়ককেই কি ভুলে গিয়েছে দল? ওয়ার্নারের আক্ষেপ, সমাজমাধ্যমে তাঁকে ‘ব্লক’ করে রেখেছে হায়দরাবাদ।

Advertisement

সানরাইজ়ার্স হায়দরাবাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন ওয়ার্নার। সেখানে দেখা যাচ্ছে, অ্যাকাউন্টটি তাঁর ক্ষেত্রে ‘প্রাইভেট’ করে রাখা হয়েছে। সাধারণত, কোনও ব্যবহারকারীকে ‘ব্লক’ করে রাখলে এই ছবি দেখা যায়। ওয়ার্নার জিজ্ঞাসা করেছেন, এটিই কি হায়দরাবাদের ইনস্টাগ্রাম প্রোফাইল? তাতে অনেকে জানিয়েছেন, হ্যাঁ, সেটিই আইপিএলের দলের অ্যাকাউন্ট।

ওয়ার্নারের সেই পোস্টে হায়দরাবাদের এক সমর্থক দলকে আর্জি জানিয়েছেন, ওয়ার্নারকে ‘আনব্লক’ করতে। জবাব ওয়ার্নার লিখেছেন, “ওরা আমাকে কোনও দিন আনব্লক করবে না।”

Advertisement

২০১৪ সালে হায়দরাবাদ তাঁকে কেনার পর থেকে দ্রুত দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন ওয়ার্নার। পরের বছরই দলের অধিনায়কের পদ পেয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত এক বারই আইপিএল জিতেছে হায়দরাবার। সেটাও ওয়ার্নারের নেতৃত্বে। ২০১৫, ২০১৭ ও ২০১৯ সালে হায়দরাবাদের হয়ে কমলা টুপি জিতেছিলেন ওয়ার্নার। দলের হয়ে ৯৫ ম্যাচে ৪০১৪ রান করেছেন তিনি। ৪৯.৫৬ গড়ে রান করেছেন তিনি। হায়দরাবাদের হয়ে দু’টি শতরান ও ৪০টি অর্ধশতরান রয়েছে এই বাঁহাতি ওপেনারের।

২০২১ সালে হায়দরাবাদের সঙ্গে ওয়ার্নারের সম্পর্কের অবনতি ঘটে। মরসুমের মাঝপথে তাঁকে সরিয়ে দেওয়া হয় অধিনায়কত্ব থেকে। পরের দিকের ম্যাচগুলিতে তিনি প্রথম একাদশেও ছিলেন না। ২০২২ সালের বড় নিলামের আগে তাঁকে হায়দরাবাদ ছেড়ে দেয়।

২০২৪ সাল থেকে আর আইপিএলে দল পাননি ওয়ার্নার। চলতি মরসুমে পাকিস্তান সুপার লিগে খেলেছেন তিনি। কিন্তু এখনও যে নিজের পুরনো দলের কথা তাঁর মনে পড়ে তা বোঝা গেল ওয়ার্নারের কথায়। যদিও পুরনো দল যে তাঁকে মনে রাখেনি, তা বোঝা গেল সমাজমাধ্যমের পাতায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement