মহম্মদ সিরাজ। ছবি: পিটিআই।
ভারতীয় দলে বদল। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য ভারতের যে দল ঘোষণা করা হয়েছিল, তাতে ছিলেন মহম্মদ সিরাজ। কিন্তু তাঁকে বিশ্রামে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরিবর্তে নতুন পেসার দলে এসেছেন।
দল ঘোষণার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল দল গৌতম গম্ভীরদের ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে। মেডিক্যাল দল জানায়, সিরাজের শরীরের ধকল সামলাতে তাঁকে বিশ্রাম দেওয়া দরকার। ক্রমাগত ক্রিকেট খেলছেন তিনি। এ ভাবে চললে তিনি বড় চোট পেতে পারেন বলে জানিয়েছে বোর্ডের মেডিক্যাল দল।
তার পরেই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সিরাজকে বিশ্রামে পাঠানো হবে। তাঁর বদলে দলে এসেছে প্রসিদ্ধ কৃষ্ণ। বাকি দল একই রয়েছে। এই দুই সিরিজ়ে ভারতের বড়দের দলে অভিষেক হতে পারে বৈভব সূর্যবংশীর। আইপিএলে ভাল খেলায় নেওয়া হয়েছে ১৫ বছরের ব্যাটারকে।
ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক বদল করা হয়েছে। সূর্যকুমার যাদবকে সরিয়ে শ্রেয়স আয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু অধিনায়কত্ব থেকে সরানো নয়, দলেই জায়গা পাননি সূর্য। জল্পনা শুরু হয়েছে, এই বছর ভারতকে বিশ্বকাপ জেতালেও সূর্যের জন্য জাতীয় দলের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। সহ-অধিনায়কের পদেও বদল হয়েছে। অক্ষর পটেলের বদলে দায়িত্ব পেয়েছেন তিলক বর্মা।
ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজ়ের দল— শ্রেয়স আয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিশন, শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিশ্নোই, হর্ষিত রানা, অর্শদীপ সিংহ, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী, প্রসিদ্ধ কৃষ্ণ।