IPL 2026

লখনউকে হারিয়ে মুম্বইয়ের সমর্থক হয়ে গেলেন শ্রেয়স! আইপিএলের শেষ পর্বে ভোলবদল পঞ্জাব কিংস অধিনায়কের

মুম্বই ইন্ডিয়ান্স-রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স-দিল্লি ক্যাপিটালস ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন শ্রেয়স আয়ারেরা। বিশেষ করে মুম্বইয়ের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে তাঁদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ১০:৫১
Share:

শ্রেয়স আয়ার। ছবি: বিসিসিআই।

আইপিএলের শেষ পর্বে এসে মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থক হয়ে গেলেন শ্রেয়স আয়ার। শনিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অপরাজিত শতরান করে দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছেন পঞ্জাব কিংস অধিনায়ক। তার পরই শ্রেয়স জানিয়েছেন মুম্বইকে সমর্থনের কথা।

Advertisement

টানা ছয় ম্যাচ হারের পর অবশেষে লিগ পর্বের শেষ ম্যাচ জিতেছে পঞ্জাব। লখনউ ম্যাচের উপর নির্ভর করছিল শ্রেয়সের দলের প্লেঅফের ওঠার সম্ভাবনা। ৭ উইকেটে জিতে শ্রেয়সেরা আশা বাঁচিয়ে রেখেছেন। শেষ পর্যন্ত তাঁরা শেষ চারে জায়গা করে নিতে পারবেন কিনা, তা জানা যাবে রবিবারের দু’টি ম্যাচের পর। মুম্বই ইন্ডিয়ান্স-রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স-দিল্লি ক্যাপিটালস ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন শ্রেয়সেরা। বিশেষ করে মুম্বইয়ের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে তাঁদের। কারণ এই ম্যাচে রাজস্থানের জয় মানেই প্রথম সাত ম্যাচ অপরাজিত থাকা পঞ্জাবের বিদায়।

স্বাভাবিক কারণেই রবিবার মুম্বইয়ের জয় চাইছেন পঞ্জাব অধিনায়ক। লখনউকে হারানোর পর শ্রেয়স বলেছেন, ‘‘সত্যি বলতে আমি খুবই আনন্দিত। এই মরসুমে প্রথম শতরান করলাম। দলের যখন সবচেয়ে বেশি প্রয়োজন, তখনই শতরানটা করলাম। টানা ছ’টি ম্যাচ হারার পর আমরা জিতলাম। এটা ইচিবাচক। তবে রবিবার আমরা মুম্বইকে সমর্থন করব।’’

Advertisement

পঞ্জাবের হয়ে আইপিএল খেললেও শ্রেয়স আসলে মুম্বইয়ের ক্রিকেটার। হার্দিক পাণ্ড্যের দলে তাঁর রঞ্জি দলের একাধিক সতীর্থ রয়েছেন। তবে শ্রেয়সের এই সমর্থন নিখাদ পঞ্জাবের স্বার্থে। কারণ মুম্বই জিততে না পারলে তাঁর দলের আর কোনও আশা থাকবে না। মুম্বই জিতলেও নিশ্চিত হতে পারবেন না শ্রেয়সেরা। রবিবার দ্বিতীয় ম্যাচে দিল্লির কাছে কলকাতাকে হারতে হবে। অজিঙ্ক রাহানের দল জিতলেও ব্যবধান হতে হবে কম। যাতে পঞ্জাবকে নেট রান রেটে টপে যেতে না পারে কেকেআর। তা হলেই আইপিএলের প্লেঅফে যাবে পঞ্জাব।

শনিবার লখনউয়ের বিরুদ্ধে ৫১ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন শ্রেয়স। প্রথমে ব্যাট করে ঋষভ পন্থেরা করেন ৬ উইকেটে ১৯৬। জবাবে ১৮ ওভারে ৩ উইকেটে ২০০ রান তুলে ম্যাচ জিতে নেয় পঞ্জাব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement