রাজস্থানের উইকেট পড়ার পর মুম্বইয়ের ক্রিকেটারদের উল্লাস। ছবি: পিটিআই।
ইডেনে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারদের নজর রয়েছে টেলিভিশনের পর্দায়। ওয়ানখেডে স্টেডিয়ামে দুপুরের ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে রাজস্থান যদি মুম্বইকে হারিয়ে দেয় তা হলে ইডেনে কেকেআর-দিল্লি ক্যাপিটালস ম্যাচের কোনও মূল্য থাকবে না। সেই ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়াবে। কেকেআরের মুখে হাসি ফোটাতে হলে মুম্বইকে রাজস্থানের বিরুদ্ধে ২০৬ রান তাড়া করতে হবে।
মুম্বই যদি ২০৬ রান তাড়া করে জিতে যায়, তা হলে প্লে-অফের দৌড় থেকে বিদায় নেবে রাজস্থান। সে ক্ষেত্রে প্লে-অফের দৌড়ে থাকবে দু’টি দল। পঞ্জাব কিংস ও কেকেআর। যদি কেকেআর নিজেদের শেষ ম্যাচ জেতে তা হলে নেট রানরেটের বিচারে ঠিক হবে কোন দল প্লে-অফে যাবে। আর যদি কেকেআর দিল্লির কাছে হারে তা হলে চতুর্থ দল হিসাবে প্লে-অফে উঠবে শ্রেয়স আয়ারের পঞ্জাব।
ওয়ানখেডে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই হাত খুলতে শুরু করেন যশস্বী জয়সওয়াল। বেশ কয়েকটি বড় শট মারেন তিনি। কিন্তু উইল জ্যাকসের বলে আউট হন যশস্বী। ১৭ বলে ২৭ রান করেন তিনি। রাজস্থানকে বড় ধাক্কা দেন দীপক চহার। যশস্বী শুরুতে বেশির ভাগ বল খেলায় উল্টো দিকে থাকা বৈভব সূর্যবংশী বেশি স্ট্রাইক পায়নি। ফলে মনঃসংযোগ ভাঙে তার। সুযোগ নেন দীপক। তাঁর বলে ৪ রানের মাথায় ফেরে বৈভব। অধিনায়ক রিয়ান পরাগ আরও একটি ম্যাচে ব্যর্থ। ১৪ রান করে আউট হন তিনি। পাওয়ার প্লে-র মধ্যে ৫৪ রানে ৩ উইকেট হারায় রাজস্থান।
দলের ইনিংস সামলান দাসুন শনাকা ও ধ্রুব জুরেল। বেশি আক্রমণাত্মক দেখাচ্ছিল শ্রীলঙ্কার ক্রিকেটারকে। বিশেষ করে মুম্বইয়ের স্পিনার আল্লা গজ়নফরের বলে বেশ কয়েকটি বড় শট খেলেন তিনি। দেখে মনে হচ্ছিল, এই জুটি দলকে বড় রানে নিয়ে যাবে। তখনই নিজের উইকেট ছুড়ে দিয়ে এলেন শনাকা। অকারণে রান নিতে গিয়ে ২৯ রানের মাথায় রান আউট হলেন তিনি। জুরেলকে ৩৮ রানের মাথায় বোল্ড করেন কর্বিন বশ। ডোনোভান ফেরেরা ১৮ রানে আউট হন। ১৩৯ রানে রাজস্থানের ৬ উইকেট পড়ে যায়।
দেখে মনে হচ্ছিল, ১৮০ রান করতেও সমস্যায় পড়বে রাজস্থান। ঠিক তখনই ঝোড়ো ইনিংস খেললেন জফ্রা আর্চার। দলকে লড়াইয়ে রাখলেন তিনি। ১৫ বলে ৩২ রানের ইনিংস খেললেন আর্চার। শেষ দিকে রবীন্দ্র জাডেজা ১১ বলে ১৯ ও নান্দ্রে বার্গার ৩ বলে ১০ রান করেন। তাঁদের ব্যাটে ২০০ রান পার হয় রাজস্থানের। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৫ রান করে তারা। এখন দেখার, এই রান মুম্বই তাড়া করে কেকেআরের মুখে হাসি ফোটাতে পারে কি না।