রোহিত শর্মা। —ফাইল চিত্র।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলছেন। ফিটনেস নিয়ে প্রশ্ন থাকলেও আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ের দলে রয়েছেন রোহিত শর্মা। এর মধ্যেই মুম্বই ইন্ডিয়ান্সের একটি অনুষ্ঠানে নিজের একটি স্বপ্নের কথা জানিয়েছেন রোহিত।
ভারতীয় ক্রিকেট নিয়ে রোহিত বলেছেন, ‘‘আমি চাই ভারত ক্রিকেট বিশ্বের পরাশক্তি হয়ে উঠুক। এটাই আমার মূল ভাবনা। আমি ভারতীয় ক্রিকেটকে সর্বোচ্চ জায়গায় দেখতে চাই। যার ধারে কাছে কেউ থাকবে না। গত তিন বছরে আমরা যা যা করেছি, সেগুলো দেখলে ভালই লাগে। ২০২৪ সালের বিশ্বকাপ, মহিলাদের বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপ। আশা করব আমরা সাফল্যের এই যাত্রা বজায় রাখতে পারব।’’
নিজের অভিজ্ঞতা থেকে রোহিত বলেছেন ক্রিকেট কতটা বদলে গিয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে বলেছেন, ‘‘যখন আমরা খেলতে শুরু করেছিলাম, তখন ১৩০-১৪০ রানই দারুণ ছিল। আর এখন এটা কিছুই নয়। প্রতি বলে ১ রান নিয়েও ভাল মনে হয় না এখন। এর থেকেই বোঝা যায় কতটা বদলে গিয়েছে ক্রিকেট।’’ এই পরিবর্তনের কারণ হিসাবে এখনকার ক্রিকেটারদের অকুতোভয় মানসিকতার কথা বলেছেন। রোহিতের বক্তব্য, ‘‘এখন লোকজন ভীষণ ভয়ডরহীন। খুব খোলা মনের। সব সময় ভাবে কী করে আরও আগ্রাসী হওয়া যায়। ক্রিকেটের জন্য এই মানসিকতাটা ভালই। এখনকার ছেলেরা ক্রিজ় থেকে বেরিয়ে মারতে ভয় পায় না। আগামী দিনে আরও আগ্রাসী ক্রিকেট দেখা যাবে। যে ভাবে এগোচ্ছে, কয়েক বছর পর অন্য মাত্রায় পৌঁছে যাবে ক্রিকেট।’’
তরুণ ক্রিকেটারদের সফল হওয়ার উপায়ও বলে দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। প্রত্যাশার চাপ না নিয়ে ক্রিকেট উপভোগ করার কথা বলেছেন। রোহিত বক্তব্য, ‘‘এটা সময়ের সঙ্গে পরিবর্তনশীল। একেক সময় একেক রকম। ছয় থেকে ১৮ বছরের ছেলে-মেয়েরা আমাদের ভবিষ্যৎ। ওদের উপর এখন থেকে চাপ দেওয়া একদম ঠিক নয়। ওরা সবে শুরু করছে। ওদের এখন খেলাটা উপভোগ করতে দেওয়া উচিত। বন্ধুদের সঙ্গে খেলবে, খেলা দেখবে। আমিও এ ভাবেই শুরু করেছিলাম। পরিস্থিতিই বলে দেয় কোন সময় কোনটা গুরুত্বপূর্ণ। যে খেলাই খেলুক, উপভোগ করতে হবে। কাউকে দিয়ে জোর করে কিছু করানো যায় না।’’
চোটের জন্য আইপিএলের পাঁচটি ম্যাচ খেলতে পারেননি। চোট সারিয়ে ফেরার পর খেলছেন ইমপ্যাক্ট সাব হিসাবে। রোহিত অবশ্য জানিয়েছেন তিনি সম্পূর্ণ ফিট। কোনও সমস্যা নেই। শনিবার পর্যন্ত আটটি ম্যাচ খেলে ৪০.৪৩ গড়ে ২৮৩ রান করেছেন রোহিত। দু’টি অর্ধশতরান করেছেন। রোহিতের স্ট্রাইক রেট ১৬০.৭৯।