আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।
শেষ হয়ে গেল আইপিএলের গ্রুপ পর্বের ৭০ ম্যাচ। গ্রুপ পর্বের শেষ দিনে প্লে-অফের চতুর্থ দল চূড়ান্ত হল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাত টাইটান্স, সানরাইজ়ার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস এ বার প্লে-অফ খেলবে। প্লে-অফে কে, কার বিরুদ্ধে কবে খেলবে, সেই সূচি দেখে নেওয়া যাক।
পয়েন্ট তালিকায় শীর্ষে শেষ করা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দ্বিতীয় স্থানে শেষ করা গুজরাত টাইটান্স প্রথম কোয়ালিফায়ারে খেলবে। ২৬ মে, মঙ্গলবার হবে সেই ম্যাচ। ধর্মশালায় মুখোমুখি বিরাট কোহলি ও শুভমন গিল। সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু খেলা। সেই ম্যাচ যে দল জিতবে তারা সরাসরি আইপিএলের ফাইনালে যাবে। যে দল হারবে, তারা আরও একটি সুযোগ পাবে।
পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থাকা সানরাইজ়ার্স হায়দরাবাদ ও চতুর্থ স্থানে শেষ করা রাজস্থান রয়্যালস এই ম্যাচে মুখোমুখি হবে। ২৭ মে, বুধবার হবে সেই খেলা। এই খেলাও শুরু সন্ধ্যা ৭.৩০ মিনিটে। খেলা হবে নিউ চণ্ডীগড়ে। এই ম্যাচ যারা হারবে তারা আইপিএল থেকে বিদায় নেবে। যারা জিতবে তাদের ফাইনালে উঠতে আরও একটি ম্যাচ খেলতে হবে।
প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল ও এলিমিনেটরের জয়ী দলের মধ্যে এই ম্যাচ হবে। ২৯ মে, শুক্রবার নিউ চণ্ডীগড়ে হবে খেলা। এই খেলাও শুরু সন্ধ্যা ৭.৩০ মিনিটে। যে দল এই ম্যাচ জিতবে তারা ফাইনালে উঠবে। যারা হারবে তারা আইপিএল থেকে বিদায় নেবে।
প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দলের মধ্যে হবে ফাইনাল। ৩১ মে, রবিবার ঠিক হবে এ বারের আইপিএলে চ্যাম্পিয়ন কারা হবে। অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু হবে ফাইনাল।