বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।
ভারত ‘এ’ বনাম শ্রীলঙ্কা ‘এ’ প্রথম এক দিনের ম্যাচে সকলের নজর ছিল বৈভব সূর্যবংশীর দিকে। অভিষেকে বড় রানের প্রত্যাশা ছিল। কিন্তু অভিষেক ভাল হল না বৈভবের। মাত্র ১২ বলেই শেষ হয়ে গেল তার ইনিংস।
ত্রিদেশীয় সিরিজ়ের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওপেন করতে নামে সূর্যবংশী। প্রথম বলেই চার মারে সে। তৃতীয় বলে আবার চার মারে বৈভব। পরের ওভারের প্রথম বলে আবার চার। তিন চার মেরে ৬ বলে ১৩ রান করে বৈভব। দেখে মনে হচ্ছিল, বড় রান করবে সে।
কিন্তু পরের ওভারেই আউট হয় বৈভব। মোহামেদ সিরাজ়ের বল মিড অফে মারার চেষ্টা করে বৈভব। জোরে মারতে গিয়ে ব্যাট হাতে ঘুরে যায়। ফলে বল হাওয়ায় ওঠে। সামনের দিকে ঝাঁপিয়ে ভাল ক্যাচ ধরেন শ্রীলঙ্কা ‘এ’ দলের অধিনায়ক সাহান আরাচিগে। ১২ বলে ১৪ রান করে আউট হয় বৈভব।
এ বারের আইপিএলে সবচেয়ে বেশি রান করে কমলা টুপি জিতেছে বৈভব। সকলকে ছাপিয়ে গিয়েছে সে। স্বাভাবিক ভাবেই তাকে ভারতের বড়দের দলে নেওয়ার দাবি ওঠে। ভারত ‘এ’ দলের পাশাপাশি ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজ় এবং এশিয়ান গেমসের দলে নেওয়া হয়েছে ১৫ বছরের ক্রিকেটারকে। ভারতের বড়দের দলের আগে ‘এ’ দলে ৫০ ওভারের ক্রিকেটে অভিষেক হয়ে গেল তার। কিন্তু রান পেল না বৈভব।