IPL 2026

প্লে-অফে ওঠার শেষ সুযোগ! রবিবার ইডেনে দিল্লির বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশে একটি বদল অবশ্যম্ভাবী

রবিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। প্লে-অফে উঠতে হলে সেই ম্যাচ জিততেই হবে কেকেআরকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ০৮:৪৮
Share:

অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।

প্লে-অফে ওঠার শেষ সুযোগ কলকাতা নাইট রাইডার্সের সামনে। রবিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে তারা। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। প্লে-অফে উঠতে হলে সেই ম্যাচ জিততেই হবে কেকেআরকে। মরণ-বাঁচন সেই ম্যাচে কেকেআরের প্রথম একাদশে একটি বদল হবেই। চোটের কারণে সেই বদল করতে বাধ্য হবেন অজিঙ্ক রাহানেরা। বাকি দল একই থাকবে।

Advertisement

রবিবার সন্ধ্যায় ইডেনে কেকেআর বনাম দিল্লি ম্যাচ। সেই ম্যাচে নামার আগেই অবশ্য নিজেদের ভাগ্য পরিষ্কার হয়ে যাবে রাহানেদের সামনে। রবিবার দুপুরে ওয়ানখেডে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবে রাজস্থান রয়্যালস। রাজস্থান যদি সেই ম্যাচ জেতে, তা হলে রাতের ম্যাচের কোনও মূল্য থাকবে না। জিতলেই চতুর্থ দল হিসাবে প্লে-অফে উঠবে রাজস্থান। সে ক্ষেত্রে কেকেআর জিতলেও প্লে-অফে ওঠার কোনও সুযোগ থাকবে না। কিন্তু যদি রাজস্থান হারে, তা হলে কেকেআর জিতলে প্লে-অফে ওঠার সুযোগ থাকবে। সে ক্ষেত্রে রবিবার গ্রুপ লিগের শেষ ম্যাচে ঠিক হবে, চতুর্থ দল হিসাবে কোন দল প্লে-অফে যাবে।

আগের ম্যাচে আঙুলের হাড়ে চিড় ধরায় চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন অঙ্গকৃশ রঘুবংশী। কেকেআরের হয়ে গোটা মরসুমে তিন নম্বরে খেলেছেন তিনি। ৪২২ রান করেছেন। পাঁচটি অর্ধশতরান করেছেন এই ডানহাতি ব্যাটার। দলের হয়ে চলতি আইপিএলে সর্বাধিক রান করা ক্রিকেটারকে গ্রুপের শেষ ম্যাচে পাবে না কেকেআর। বদলে তেজস্বী দাহিয়ার খেলার সম্ভাবনা বেশি। অঙ্গকৃশ দলে উইকেটরক্ষকের ভূমিকাও পালন করতেন। তেজস্বীও উইকেটরক্ষক। আগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অঙ্গকৃশের কনকাশন পরিবর্ত হিসাবে তেজস্বী নেমেছিলেন। দিল্লির বিরুদ্ধেও হয়তো তিনিই খেলবেন। বাকি দলে বদল হবে না।

Advertisement

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ছ’টি ম্যাচে একটিও জেতেনি কেকেআর। কিন্তু পরের সাতটি ম্যাচের মধ্যে ছ’টি জিতেছে তারা। ধারাবাহিক জয়ে প্লে-অফের দৌড়ে টিকে থেকেছে তারা। সেই কারণে জয়ী দলে খুব একটা বদলের সম্ভাবনা নেই। অঙ্গকৃশ ফিট থাকলে তিনিই খেলতেন। কোনও বদল করতেন না। কিন্তু বাধ্য হয়ে একটি বদল করবেন রাহানেরা।

কেকেআরের সম্ভাব্য একাদশ— অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, মণীশ পাণ্ডে, ক্যামেরন গ্রিন, রিঙ্ক সিংহ, রভম্যান পাওয়েল, তেজস্বী দাহিয়া, অনুকূল রায়, সুনীল নারাইন, কার্তিক ত্যাগী, সৌরভ দুবে, বরুণ চক্রবর্তী (ইমপ্যাক্ট পরিবর্ত)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement