লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।
হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে ফিট লিয়োনেল মেসি। বিশ্বকাপ শুরুর আগেই মাঠে নামতে প্রস্তুত আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। মঙ্গলবার (ভারতীয় সময় বুধবার) আইসল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন এলএম টেন।
গত ২৪ মে ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে হ্যামস্ট্রিংয়ে টান ধরেছিল মেসির। ১৮ মিনিটেই মাঠ ছেড়ে ছিলেন মেসি। বাঁ পায়ে অস্বস্তি হওয়ায় বিশ্বকাপের আগে ঝুঁকি নেননি। তখন থেকেই মেসিকে নিয়ে আশঙ্কা তৈরি হয় ফুটবলপ্রেমীদের মধ্যে। গত ৬ জুন হন্ডুরাসের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে মেসি না খেলায় সেই আশঙ্কা আরও বাড়ে। অবশেষে ফুটবলপ্রেমীদের স্বস্তি দিয়ে আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি জানিয়েছেন, মেসি ফিট। আইসল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলবে।
আইসল্যান্ড ম্যাচের আগে স্কালোনি বলেছেন, ‘‘মেসি খেলবে। তবে কত মিনিট মাঠে থাকবে এটা এখনই বলা সম্ভব নয়। ম্যাচের আগে শেষ অনুশীলনে আমি মেসির সঙ্গে কথা বলব। তার পর ঠিক করব কতক্ষণ ওকে মাঠে রাখব। মেসিকে নিয়ে আমরা কোনও ঝুকি নেব না। দেখা যাক। তবে ও খেলবে।’’
কাকে কত মিনিট মাঠে রাখবেন, তার একটা পরিকল্পনা করেছেন আর্জেন্টিনার কোচ। আইসল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে কোনও ফুটবলারকেই পুরো ৯০ মিনিট খেলাতে চান না আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ। স্কালোনি বলেছেন, ‘‘আমরা ফুটবলারদের সময় ভাগ করে দেব। কে কত মিনিট মাঠে থাকবে, মোটামুটি ঠিক করা হয়েছে।’’ শুধু মেসিই নন, চোট সারিয়ে মাঠে নামার জন্য তৈরি নিকো পাজ়, গঞ্জালো মন্টিয়েল এবং নাহুয়েল মোলিনা। প্রত্যেককেই আইসল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামাবেন তিনি।