Bizarre

মাসে ১.৪০ লক্ষ টাকা আয় করেও ‘ভাল ভাবে বাঁচতে’ চাইলেন তরুণী! স্বামীকে মাসে ১.৩৫ লক্ষ টাকা দিতে বলল আদালত

ভাইরাল হওয়া পোস্টটিতে দাবি করা হয়েছে,ওই তরুণীর স্বামী মাসিক বেতন বাবদ হাতে পেতেন ২ লক্ষ ৭৯ হাজার ৪৯৯ টাকা। আর স্ত্রীর মাসিক আয় ১ লক্ষ ৪১ হাজার ৪৩৬ টাকা। আদালত স্বামীকে ভরণপোষণ বাবদ প্রতি মাসে ১ লক্ষ ৩৫ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১২:৩০
Share:

ছবি—প্রতিনিধিত্বমূলক।

তরুণীর এক মাসের রোজগার প্রায় দেড় লক্ষ টাকা। বিবাহবিচ্ছেদের মামলা করে স্বামীর থেকে ১ লক্ষ ৩৫ হাজার টাকার ভরণপোষণ পেলেন তিনি। পুণের এক দম্পতির বিবাহবিচ্ছেদে আদালত এই রায় দিয়েছে এই মর্মে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। পোস্টটিতে দাবি করা হয়েছে যে, মাসে ১.৪ লক্ষ টাকার বেশি আয় করা এক চাকুরিরতা ​​মহিলাকে মাসিক ভরণপোষণ বাবদ ১.৩৫ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছিল। ভাইরাল হয়েছে সেই পোস্টটি। বিতর্ক তৈরি হয়েছে সমাজমাধ্যমে। যদিও এই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

‘নলিনীসকিচেন’ নামের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) শেয়ার করা একটি পোস্টে দাবি করা হয়েছে যে, পুণের দম্পতি বিয়ের ছ’মাসের মধ্যেই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাব দেখা দিয়েছিল। স্বামী ও স্ত্রী দু’জনেই মোটা মাইনের চাকরিজীবী। ভাইরাল হওয়া পোস্টটিতে দাবি করা হয়েছে, স্বামী মাসিক বেতন বাবদ হাতে পেতেন ২ লক্ষ ৭৯ হাজার ৪৯৯ টাকা। আর স্ত্রীর মাসিক আয় ১ লক্ষ ৪১ হাজার ৪৩৬ টাকা। তরুণী আদালতে জানান, বিবাহিত থাকার সময় যে ধরনের জীবনযাপন করতেন বিবাহবিচ্ছেদের পরও তা বজায় রাখার অধিকার রয়েছে তাঁর। সে কারণে তিনি মোটা অঙ্কের খোরপোশ দাবি করেন। নিজের যথেষ্ট আয় থাকা সত্ত্বেও এই মর্মেই তিনি আদালতের কাছে যুক্তি দেখিয়েছিলেন। আদালত স্বামীকে ভরণপোষণ বাবদ প্রতি মাসে ১ লক্ষ ৩৫ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে।

উল্টো দিকে স্বামীকে তাঁর বাবা-মায়ের দেখভাল করার জন্য খরচ করতে হয়। পোস্টে শেয়ার করা তথ্য অনুযায়ী, ভরণপোষণ পাওয়ার পর স্ত্রীর মোট মাসিক আয় বেড়ে ২,৭৬,৪৩৬ টাকা হবে। অন্য দিকে স্ত্রীকে খোরপোশ দেওয়ার পর স্বামীর অবশিষ্ট মাসিক আয় থাকবে ১,৪৪,৪৯৯ টাকা। পোস্টটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সমাজমাধ্যম ব্যবহারকারীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বহু নেটাগরিকই এই ভরণপোষণের আদেশটির বিষয়ে তীব্র বিরোধিতা করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement