ছবি: সংগৃহীত।
ট্রেনে উঠলেই রকমারি খাবারের পসরা নিয়ে হাজির হন বিক্রেতারা। সেই খাবার কিনে খান বহু যাত্রীই। তবে সম্প্রতি এমন একটি দৃশ্য সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে যা দেখার পর ট্রেনে বিক্রি হওয়া খাবার কিনে খেতে দু’বার ভাববেন যাত্রীরা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে এক শিঙাড়াবিক্রেতা তাঁর পসরার উপরই পা তুলে বসে রয়েছেন। ভিডিয়োটি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক বিক্রেতা ট্রেনের কামরার প্রবেশপথের কাছে মেঝেতে বসে ফোনে কথা বলছেন। তিনি যাত্রীদের কাছে বিক্রি করার শিঙাড়ার একটি ট্রে বা পাত্রের উপর সরাসরি পা রেখে দিয়েছেন। ভিডিয়োয় ধরা প়ড়েছে, ওই বিক্রেতা দরজার সামনে বসে একটি খালি পা তুলে রেখেছেন খাবারের পাত্রটির উপর। অন্য পা মেঝেতে রাখা। খোলা প্লাস্টিকের পাত্রের উপর পা রেখে বসে থাকা এক শিঙাড়াবিক্রেতার সেই ভিডিয়োটি ছড়াতেই তা ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। বিক্রেতা দরজার কাছে একটি বেসিনের নীচে বসে আছেন। সেই জায়গাটিকে দেখে স্পষ্টতই একটি অস্বাস্থ্যকর জায়গা বলে মনে করছেন নেটাগরিকেরা।
ভিডিয়োটি ‘ইন্ডিয়াডেলিনাও’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করার পর সেটি দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটাগরিকেরা। সমালোচনা করে বেশ কয়েক জন ব্যবহারকারী ট্রেনে বিক্রি হওয়া খাবারের স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। অনেকেই পরিচ্ছন্নতার স্পষ্ট অভাবের অভিযোগ তোলেন। ভিডিয়োটি ছড়াতেই রেল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্তে নামেন। পরে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে রেল জানিয়েছে, ২০ থেকে ২২ মে পর্যন্ত ১২৮০৯-১০ নম্বর ট্রেনে এ ধরনের কোনও রেলকর্মী উপস্থিত ছিলেন না। ভাইরাল ফুটেজে দেখা ব্যক্তি রেলের অনুমোদিত কর্মী ছিলেন না বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ।