Viral Video

এক পায়ে মালিশ শেষ হতেই অন্য পা তুলে আবদার জানাল হাতির ছানা, ভাইরাল আদুরে মুহূর্তের ভিডিয়ো

সম্প্রতি এক হাতির ছানার মিষ্টি আচরণ দেখে আবেগে ভেসেছে নেটপাড়া। ঘটনাটি তামিলনাড়ুর একটি মন্দিরের। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, হাতির ছানার পায়ে মালিশ করছেন এক ব্যক্তি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১৫:১৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

হাতির বুদ্ধি এবং স্মৃতিশক্তি নিয়ে নানা কাহিনি শোনা যায়। সম্প্রতি এক হস্তীশাবক এবং তার দেখভালের দায়িত্বে থাকা এক ব্যক্তির একটি মিষ্টি বন্ধনের ভিডিয়ো দেখে মন ভরে গিয়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। জানা গিয়েছে, ঘটনাটি তামিলনাড়ুর একটি মন্দিরের। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভিডিয়োটিতে দেখা গিয়েছে, হাতির ছানার দেখভালের দায়িত্বে থাকা এক ব্যক্তি যত্ন সহকারে তার পায়ে মালিশ করছেন। হাতিটির কপালে তিলক এবং গলায় ঘণ্টার মালা। হাতিটিকে দেখে মনে হচ্ছিল, সে-ও এই আদর বেশ উপভোগ করছে। শান্ত ভাবে দাঁড়িয়ে রয়েছে সে। যখনই একটি পায়ের মালিশ শেষ হল, অন্য পা বাড়িয়ে দিল সে। ভাবখানা এমন, দুই পায়েই সমান আদর চাই তার।

ভিডিয়োটির ক্যাপশনে লেখা হয়েছে, কেবল চেহারাই বড়সড়। প্রাণীটির অন্তরে রয়েছে একটি ছোট্ট শিশু। জানা গিয়েছে, ঘটনাটি তামিলনাড়ুর কুম্ভকোনমের অরুলমিগু আদি কুম্বেশ্বরর মন্দিরের। মিষ্টি হাতির ছানাটির নাম মঙ্গলম।

Advertisement

ইনস্টাগ্রামের ‘লাইফডব্লিউএসএইচরুটস’ নামের অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই আবেগে আপ্লুত হয়েছেন নেটাগরিকেরাও। ২ লক্ষেরও বেশি নেটাগরিক তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। অনেকে শেয়ারও করেছেন। অজস্র মন্তব্যও জমা পড়েছে মন্তব্যবাক্সে। এক জন লিখেছেন, “কী আদুরে একটা বাচ্চা! আমার হয়ে ওকে জড়িয়ে ধরুন।” আবার আর এক নেটাগরিকের মন্তব্য, “স্বয়ং ভগবান গণেশ আপনাকে তাঁর সেবা করার সুযোগ দিচ্ছেন।” আবার কারও মতে, হাতির ছানাটি কুকুরছানার মতোই আহ্লাদ করছে। কেউ কেউ আবার বিনা বেতনেই এমন একটি চাকরিতে যোগ দিতে চেয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement