TMC Councilor Arrest

ঠাকুরপুকুর থানা থেকে বার হতেই ‘চোর চোর’ স্লোগান শুনতে হল ধৃত কাউন্সিলর সুদীপ পোল্লেকে! দেখানো হল জুতোও

শনিবার সুদীপের বিরুদ্ধে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখার পরে শনিবার রাতেই বেহালা এলাকা থেকে সুদীপকে গ্রেফতার করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ১৫:৪০
Share:

(বাঁ দিকে) ধৃত সুদীপ পোল্লে। ধৃতকে জুতো দেখালেন বিজেপি সমর্থকেরা (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

তোলা চাওয়ার অভিযোগে ধৃত কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লেকে ঠাকুরপুকুর থানা থেকে আলিপুরে আদালতে নিয়ে যাওয়া হয়। রবিবার দুপুরে যখন থানা থেকে বার করা হয়, তখন তাঁকে দেখে ‘চোর চোর’ স্লোগান ওঠে। শুধু তা-ই নয়, স্থানীয় তৃণমূল কাউন্সিলরকে জুতোও দেখান বিজেপি সমর্থকেরা। তাঁদের বিক্ষোভের মধ্যে দিয়েই সুদীপকে প্রিজ়ন ভ্যানে তুলে আদালতের উদ্দেশে রওনা দেয় পুলিশ।

Advertisement

শনিবার সুদীপের বিরুদ্ধে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখার পরে শনিবার রাতেই বেহালা এলাকা থেকে সুদীপকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, এক ব্যবসায়ী সুদীপের নামে থানায় তোলা চাওয়ার অভিযোগ করেন। ওই ব্যবসায়ীর দাবি, তাঁর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চাওয়া হয়েছিল। যদি সেই টাকা না-দেন তবে তাঁর দোকান গুঁড়িয়ে দেওয়ার অভিযোগও করেছিলেন ব্যবসায়ী। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় এফআইআর দায়ের করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ।

২০১০ সাল থেকে ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ। ১৬ নম্বর বোরোর চেয়ারম্যানও তিনি। এলাকায় ‘দাপুটে’ নেতা বলে পরিচিত। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে নিজের রাজনৈতিক গুরু মনে করতেন সুদীপ। স্থানীয় সূত্রে খবর, শোভনের ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিতি থেকেই পুরসভা নির্বাচনে তৃণমূলের টিকিট পান তিনি। পরে শোভনের সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরি হওয়ার সময় থেকেই কলকাতার বর্তমান মেয়র তথা প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ হয়ে ওঠেন বলেও সূত্রের খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement