—প্রতিনিধিত্বমূলক চিত্র।
কলকাতার নারকেলডাঙায় একাধিক অবৈধ নির্মাণ ভাঙতে চেয়ে নোটিস পাঠিয়েছিল কলকাতা পুরসভা। সেই নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। জরুরি শুনানির আবেদন জানানো হয়। সেই আবেদন গৃহীত হয়েছে। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ জানায়, আগামী বৃহস্পতিবার ওই মামলার শুনানি হবে।
নারকেলডাঙা থানা এলাকার কসাইপাড়ায় একাধিক বাড়ি, নির্মাণ অবৈধ বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে অবৈধ নির্মাণ চিহ্নিত করে নোটিস পাঠায় পুরসভা। অভিযোগ, ইতিমধ্যেই কিছু কিছু নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে। পুরসভার নোটিস এবং এই পদক্ষেপের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হন প্রায় শতাধিক বাসিন্দা। তাঁদের বক্তব্য, পুরসভা কোনও বক্তব্য শুনছে না। শুনানির সুযোগ না-দিয়েই পদক্ষেপ করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০২৫ সালে প্রথম নোটিস দিয়েছিল পুরসভা। তখনও ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারী। সেই মামলায় আদালত জানিয়েছিল, পুরসভার বিরুদ্ধে তাদের যুক্তি লিখিত আকারে বলতে হবে। পরে সেই মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। রাজ্যে পালাবদলের পর আবার বেআইনি নির্মাণ ভাঙার বিষয়ে তৎপর হয় পুরসভা। শহরের বিভিন্ন জায়গার অবৈধ নির্মাণ চিহ্নিত করে নোটিস পাঠাতে শুরু হয়েছে। কোথাও কোথাও আবার ভাঙার কাজও চলছে। সেই তালিকায় নারকেলডাঙার কিছু অবৈধ নির্মাণও রয়েছে। পুরসভা আবার সেই নির্মাণ ভাঙার বিষয়ে সক্রিয় হওয়ায় দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী নিখিলকুমার গুপ্ত।