Monsoon Arrival in West Bengal

রাজ্যে ঢুকল বর্ষা! উত্তরবঙ্গে তিন জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গ এ বার মৌসুমি বায়ুর অপেক্ষায়

দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি যেমন চলবে, তেমন পশ্চিমের কয়েক জেলায় অস্বস্তিকর গরমের জন্য সতর্কতাও জারি করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১৮:১৭
Share:

উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রবেশ করেছে বর্ষা। — ফাইল চিত্র।

সময়েই রাজ্যে প্রবেশ করল বর্ষা। মঙ্গলবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। পাহাড় সংলগ্ন তিন জেলায় অতিভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। ক্রমে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী চার-পাঁচ দিনে গোটা রাজ্যে বর্ষা শুরুর উপযুক্ত পরিবেশ তৈরি হবে।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতরের মঙ্গলবার দুপুরের বুলেটিন বলছে, গোটা কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বেশির ভাগ অংশ এবং দার্জিলিঙের কিছু অংশে বর্ষা প্রবেশ করেছে। এমনিতে উত্তরবঙ্গে খাতায়কলমে বর্ষা প্রবেশের দিন হল ১০ জুন। তার চার দিন আগে বা পরে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলে তা স্বাভাবিক বলেই ধরে নেওয়া হয়। সে দিক থেকে দেখলে উত্তরবঙ্গে এ বার সময়েই প্রবেশ করেছে বর্ষা। আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে বাকি রাজ্য, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার কিছু অংশে বর্ষা শুরুর উপযুক্ত আবহ তৈরি হবে।

মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির জন্য কমলা সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পঙে হতে পারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি। উত্তরের বাকি জেলার দু’-এক জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাসও রয়েছে। বুধবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হতে পারে ভারী বৃষ্টি। শুক্র এবং শনিবারও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি যেমন চলবে, তেমন পশ্চিমের কয়েক জেলায় অস্বস্তিকর গরমের জন্য সতর্কতাও জারি করা হয়েছে। বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলিতে হালকা বৃষ্টির পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে অস্বস্তিকর গরমের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। বাকি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্ত ভাবে চলতে পারে ঝড়বৃষ্টি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement