US Iran Tensions

ইরান চুক্তি: তাড়াহুড়োর দরকার নেই! মার্কিন কূটনীতিকদের বলে দিলেন ট্রাম্প, ‘প্রায় চূড়ান্ত’ হয়ে যাওয়া বোঝাপড়া নিয়ে সাবধানী?

চুক্তি চূড়ান্ত না-হওয়া পর্যন্ত হরমুজ় প্রণালীতে অবরোধ চলবে। এমনটাই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে আমেরিকার প্রতিনিধিদলকেও চুক্তির জন্য তাড়াহুড়ো না-করার নির্দেশ দিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ২২:০২
Share:

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে কোনও তাড়াহুড়ো করার দরকার নেই। সমঝোতার দায়িত্বে থাকা মার্কিন প্রতিনিধিদলকে রবিবার এমনটাই জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (স্থানীয় সময় অনুযায়ী) তিনি দাবি করেন, চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। শুধু ঘোষণার অপেক্ষা। ওই মন্তব্যের পর ২৪ ঘণ্টাও কাটেনি। এরই মধ্যে তিনি মার্কিন প্রতিনিধিদলকে তাড়াহুড়ো না-করার নির্দেশ দিয়ে রাখলেন।

Advertisement

রবিবার ট্রাম্প নিজেই জানান, আমেরিকার কূটনৈতিক প্রতিনিধিদলকে তিনি নির্দেশ দিয়েছেন যে চুক্তি নিয়ে কোনও তাড়াহুড়ো করা চলবে না। কেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, বর্তমান পরিস্থিতি আমেরিকার অনুকূলেই রয়েছে। সেই কারণেই তিনি সময় নিয়ে গোটা বিষয়টি নির্ভুল ভাবে করতে চাইছেন। ট্রাম্পের কথায়, “এখানে কোনও ভুল করার অবকাশ নেই! ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন আগের চেয়ে অনেক বেশি পেশাদার ও গঠনমূলক হয়ে উঠছে।”

বস্তুত, পশ্চিম এশিয়ায় অস্থিরতার মাঝে বাণিজ্যিক ভাবে গুরুত্বপূর্ণ হরমুজ় প্রণালীতে জাহাজ চলাচলে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরান নিজেদের মতো করে হরমুজ় দিয়ে বিভিন্ন দেশের জাহাজ চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। আবার আমেরিকায় ইরানে যাতায়াতের জাহাজগুলির উপর অবরোধ চাপানোর চেষ্টা চালাচ্ছে। শনিবার ট্রাম্প দাবি করেছিলেন, সমঝোতা চুক্তির অংশ হিসাবে হরমুজ় প্রণালী আবার খুলে দেওয়া হবে। কিন্তু রবিবার সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি লেখেন, “চুক্তি চূড়ান্ত হয়ে তাতে স্বাক্ষর না হওয়া পর্যন্ত (হরমুজ় প্রণালীতে) অবরোধ সম্পূর্ণ ভাবে কার্যকর থাকবে। দু’পক্ষকেই পর্যাপ্ত সময় নিয়ে নিখুঁত ভাবে এটি (চুক্তি) করতে হবে।”

Advertisement

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথবাহিনী ইরান আক্রমণ করে। সেই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। তার জবাবে ইজ়রায়েল-সহ পশ্চিম এশিয়ায় আমেরিকার বিভিন্ন বন্ধু দেশকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরানও। বর্তমানে দু’দেশের মধ্যে সংঘর্ষবিরতি চললেও অস্থিরতা কাটেনি। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে আলোচনাতেও বসেছিল দুই দেশ। তাতেও কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি। দৌত্য করতে সম্প্রতি ফের তেহরান গিয়েছিলেন পাকিস্তানের সেনা সর্বাধিনায়ক আসিম মুনির।

এরই মধ্যে শনিবার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প জানান, শান্তিচুক্তি সংক্রান্ত আলোচনা অনেকটাই হয়ে গিয়েছে। আনুষ্ঠানিক ঘোষণার আগে শুধু কিছু বিষয় চূড়ান্ত হওয়া বাকি মাত্র। তার পরেই মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘‘চুক্তিটি চূড়ান্ত হওয়ার দিকে। বর্তমানে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। শীঘ্রই তা ঘোষণা হবে। চুক্তিতে অনেক বিষয় আছে। তবে তার মধ্যে অন্যতম বিষয়ই হল হরমুজ় প্রণালী। চুক্তির অংশ হিসাবে ওই প্রণালী খুলে দেওয়া হবে।’’ এমনকি ভারতে সফররত মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়োও রবিবার বিকেলে বলেন, “কয়েক ঘণ্টায় গোটা বিশ্ব একটি সুখবর পেতে চলেছে।” অনেকেরই অনুমান, তাঁর ইঙ্গিত ছিল ইরান চুক্তির দিকেই। তবে এ বার ট্রাম্প জানিয়ে দিলেন, তিনি মার্কিন প্রতিনিধিদলকে বলে দিয়েছেন, গোটা বিষয়টি নির্ভুল ভাবে করতে হবে এবং এ বিষয়ে কোনও তাড়াহুড়ো করার দরকার নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement