কিভে রুশ বাহিনীর হামলা। আছড়ে পড়ল ড্রোন, ক্ষেপণাস্ত্র। ছবি: রয়টার্স।
ইউক্রেনের সেনাঘাঁটিগুলি লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠল রাশিয়ার বিরুদ্ধে। রাতভর হামলা চালানো হয় বলে দাবি কিভের। অন্য দিকে, হামলা প্রসঙ্গে মস্কো পাল্টা দাবি করেছে, রাশিয়ার বসতি এলাকাগুলি বেছে বেছে নিশানা বানাচ্ছে ইউক্রেন। পাল্টা জবাব দেওয়া হয়েছে। তবে ইউক্রেনের কোনও বসতি এলাকায় হামলা চালানো হয়নি বলে দাবি মস্কোর।
রুশ প্রতিরক্ষা মন্ত্রকের এক সূত্রকে উদ্ধৃত করে সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, ওরেশনিক, ইসকান্দার, কিনঝল এবং জ়িরকন ক্ষেপণাস্ত্র দিয়ে ভূমি এবং আকাশ থেকে হামলা চালানো হয়েছে ইউক্রেনের সেনাঘাঁটিগুলি লক্ষ্য করে। সঠিক নিশানায় হামলা হয়েছে বলে দাবি মস্কোর। তবে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি জানিয়েছেন, কিভের বসতি এলাকাগুলি লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ সেনা। এমনকি হামলা চালাতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়েছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কিভের বিলা সেরকভা এলাকা।
জ়েলেনস্কির আরও দাবি, কিভের ৪০টি জায়গায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা হয়েছে। বেশ কয়েকটি স্কুল, বহুতল এবং কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। ৯০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও ৬০০টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। যদিও ইউক্রেনের দাবি, ৫৫টি ক্ষেপণাস্ত্র এবং ৫৪৯টি ড্রোন ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ১৯টি ক্ষেপণাস্ত্র নিশানাতেই পৌঁছোতে পারেনি। রুশ সেনার এই হামলায় দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। কিভের সেভচেঙ্কো জেলার বসতি এলাকায় আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। তাতে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত অনেকে।