India-US Trade Deal

'৯৯ শতাংশ কথাবার্তা হয়ে গিয়েছে'! চূড়ান্ত হওয়ার দোরগোড়ায় ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হয়েই বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক চাপিয়েছিলেন। ভারতের ক্ষেত্রে তা ছিল ২৫%।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ০৯:০৪
বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)।

বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আমেরিকার সঙ্গে ভারতের প্রথম দফার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির দর কষাকষির ক্ষেত্রে ৯৯% কথাবার্তাই হয়ে গিয়েছে, দাবি করলেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। সোমবার এ ব্যাপারে নতুন করে আলোচনা করতে দিল্লি এসে পৌঁছেছে আমেরিকার প্রতিনিধি দল। তিন দিন বৈঠক চলবে। তার আগে গয়াল জানিয়েছেন, ওয়াশিংটনের শুল্ক ব্যবস্থায় যে সব বদল এসেছে, বাণিজ্য চুক্তিতে তার প্রতিফলন দেখা যাবে।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হয়েই বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক চাপিয়েছিলেন। ভারতের ক্ষেত্রে তা ছিল ২৫%। রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি হিসেবে চাপে আরও ২৫%। ট্রাম্প-শুল্ককে অবশ্য ইতিমধ্যেই খারিজ করেছে আমেরিকার সুপ্রিম কোর্ট। পরে তিনি ফের সাময়িক ভাবে ১০% শুল্ক চাপান সব দেশের উপর। ভারত এখন এই হার ধরেই দর কষাকষি করছে।

গয়ালের বক্তব্য, ‘‘আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোর নিজে বলেছেন, ৯৯% দর কষাকষি সম্পন্ন। খুব শীঘ্র প্রথম দফার বাণিজ্য চুক্তি সই হয়ে যাবে বলে আমিও আত্মবিশ্বাসী। তার পরে সার্বিক ভাবে চুক্তি নিয়ে আলোচনা এগোবে।’’ নয়াদিল্লি এখনও আমেরিকার জন্য ভারতের দুধ এবং দুগ্ধজাত পণ্যের বাজার খুলতে নারাজ। উল্টো দিকে আমেরিকা জানিয়েছে, ভারত তাদের থেকে আগামী পাঁচ বছরে ৫০ হাজার কোটি ডলারের জ্বালানি, বিমান, প্রযুক্তি, কয়লা কিনতে রাজি হয়েছে।

আরও পড়ুন