— প্রতীকী চিত্র।
যুদ্ধে ধাক্কা খেয়েছে বিশ্ব বাজারে অশোধিত তেলের জোগান। পশ্চিম এশিয়ায় শান্তি ফেরা নিয়ে অনিশ্চয়তা এবং সংযুক্ত আরব আমিরশাহির তেল রফতানিকারী দেশগুলির সংগঠন ওপেক ছেড়ে বেরিয়ে যাওয়ার জেরে বুধবার ব্রেন্ট ক্রুড পেরোল ব্যারেলে ১১৭ ডলার। আশঙ্কা প্রকাশ করে উপদেষ্টা ইওয়াই-এর দাবি, ভারতকে দীর্ঘ দিন ধরে গড় হিসেবে ব্যারেল পিছু ১২০ ডলারে অশোধিত তেল কিনতে হলে দেশের প্রকৃত আর্থিক বৃদ্ধির হার চলতি অর্থবর্ষে নামতে পারে ৬ শতাংশে। এপ্রিলে ওই গড় দাম প্রায় ১১৪ ডলার। দেশে মূল্যবৃদ্ধির হারও সে ক্ষেত্রে রিজ়ার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া ৬ শতাংশের সর্বোচ্চ সহনসীমা ছুঁতে পারে। রিপোর্টে সংস্থাটির বার্তা, রাজকোষ ঘাটতিতে রাশ টানতে তেলের দাম বাড়াতে হতে পারে দেশে। এর আগে তারা জানিয়েছিল পশ্চিম এশিয়ার সঙ্কটে ভারতে প্রকৃত জিডিপি কমতে পারে ১ শতাংশ বিন্দু। মূল্যবৃদ্ধি সেখানেই মাথা তুলতে পারে ১৫ শতাংশ বিন্দু।
ইওয়াই ইন্ডিয়ার মুখ্য নীতি উপদেষ্টা ডি কে শ্রীবাস্তবের মতে, সুদ কমানো দূর অস্ত্, মূল্যবৃদ্ধির কারণে সুদের হার বাড়াতে হতে পারে আরবিআই-কে। পেট্রল পাম্পে জ্বালানির দামও বাড়াতে হবে। রিজ়ার্ভ ব্যাঙ্কের পূর্বাভাস ছিল, চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধি হবে ৬.৯% হারে।