—প্রতীকী চিত্র।
পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে গোটা বিশ্ব এই দশকের সব থেকে ভয়ানক জ্বালানি সঙ্কটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন আন্তর্জাতিক এনার্জি এজেন্সির (আইইএ) প্রধান ফাতিহ বিরোল। তাঁর মতে, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।
তিনি সোমবার বলেন, ‘‘আমাদের অনেকের ১৯৭০-এর দু’টি ঘটনার কথা মনে আছে। সেই সময় দুই সঙ্কটেই বিশ্ব দৈনিক প্রায় ৫০ লক্ষ ব্যারেল করে তেল হারিয়েছিল। দু’টি মিলিয়ে দৈনিক মোট ১ কোটি ব্যারেল। আর পশ্চিম এশিয়ার যুদ্ধ দু’টি সঙ্কটের সম্মিলিত ধাক্কাকে পার করে গিয়েছে। আমরা এখন দিনে ১.১ কোটি ব্যারেলের মতো তেল হারাচ্ছি। ফলে স্পষ্ট এ বারের সমস্যা ১৯৭০-এর চেয়েও ভয়াবহ হতে চলেছে।’’ বিরল জানান, সংগঠনের পক্ষ থেকে এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশের সরকারের সঙ্গে আলোচনা করা হচ্ছে, যাতে প্রয়োজন হলে অতিরিক্ত তেল বাজারে ছাড়া যায়।
বিরোলের বার্তা, ‘‘বাজারে চাহিদার তুলনায় জোগান কমতে থাকলে এই পদক্ষেপ করা হবে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি এবং এই নিয়ে আমাদের সদস্য দেশের সঙ্গে কথাবার্তা চালাচ্ছি।’’ এর আগে ১১ মার্চ আইইএ-র সদস্য দেশগুলি ৪০ কোটি ব্যারেল তেল বাজারে ছেড়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছে। প্রয়োজন হলে ভবিষ্যতে ফের এ রকম পদক্ষেপ করা হবে।
এমনকি এ বারের সমস্যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চেয়েও বেশি প্রভাব ফেলেছে বলে দাবি করেছেন বিরোল। তাঁর মতে, সমস্যা থেকে বেরনোর একমাত্র উপায় হল হরমুজ় খুলে দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচলেরব্যবস্থা করা।