Mass lay off in opendoor

আর প্রয়োজন নেই ভারতীয় কর্মীদের! একলপ্তে ২৫০ কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল মার্কিন প্রযুক্তি সংস্থা

ব্যবসার পরিচালনা সংক্রান্ত বদল আনতে চায় মার্কিন রিয়াল এস্টেট-প্রযুক্তি সংস্থা। প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং যুক্তরাষ্ট্রে কৃত্রিমমেধায় দক্ষ কর্মীদল গড়ে ওঠার ফলে বিদেশ থেকে কাজ পরিচালনার প্রয়োজনীয়তা অনেকটাই কমে গিয়েছে বলে দাবি সংস্থার। দাবি, এই কারণেই এই কর্মী সঙ্কোচন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১৬:৩০

ছবি: সংগৃহীত।

সংস্থার সমস্ত ভারতীয় কর্মী ছাঁটাই করার পথে হাঁটল এক মার্কিন এক সংস্থা। আমেরিকার রিয়াল এস্টেট প্রযুক্তি সংস্থা ওপেনডোর ভারত থেকে তল্পিতল্পা গুটিয়ে ফিরে যাচ্ছে। তাই এক ধাক্কায় কাজ হারাতে পারেন ২৫০ জন কর্মী। সংস্থার দাবি, তাদের সমস্ত গ্রাহক আমেরিকার বাসিন্দা। তাই ভারতে সংস্থার ঝাঁপ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল। ওপেনডোরের সিইও কাজ নেজাতিয়ান কর্মী সঙ্কোচনের কথা ঘোষণা করতেই মাথায় বাজ পড়েছে সংস্থার ভারতীয় কর্মীদের।

Advertisement

সংস্থার বক্তব্য, ব্যবসার পরিচালনা সংক্রান্ত বদল আনতে চায় তারা। তাই তাদের কাজকর্ম গ্রাহকদের কাছাকাছি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ রাখতে ভারত থেকে ব্যবসা গুটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকেন্দ্রিক করতে চায় ওপেনডোর। কর্মচারীদের সঙ্গে শেয়ার করা এবং পরে এক্স-এ পোস্ট করা একটি বিবৃতিতে নেজাতিয়ান জানিয়েছেন, সংস্থা গত কয়েক মাস ধরে কিছু পদ মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তর করা শুরু করেছে। ধীরে ধীরে ওপেনডোরের ভারতের সমস্ত কার্যক্রম গুটিয়ে ফেলা হবে বলে জানিয়েছে সংস্থার সিইও।

নেজাতিয়ান জানিয়েছেন, ওপেনডোরের অধিকাংশ গ্রাহক যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তাই তাঁদের সহায়তার সুবিধার্থে কাছাকাছি থেকেই কাজকর্ম পরিচালনা করা সবচেয়ে কার্যকর। তাঁর মতে, অতীতে বিভিন্ন সিস্টেমভিত্তিক কাজকর্মের সামলানোর জন্য সংস্থাটি ভারতে বেশ বড়সড় পরিকাঠামো তৈরি করেছিল। পরিকল্পনা ছিল সেটিকে আরও প্রসারিত করার। প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং যুক্তরাষ্ট্রে কৃত্রিম মেধায় দক্ষ কর্মীদল গড়ে ওঠার ফলে এ সব কাজ বিদেশে পরিচালনার প্রয়োজনীয়তা অনেকটাই কমে গিয়েছে বলে দাবি সংস্থার। মার্কিন প্রযুক্তি সংস্থা জানিয়েছে যে, ক্ষতিগ্রস্ত কর্মচারীরা ছাঁটাইয়ের যথাযথ ক্ষতিপূরণ, পরিষেবা এবং অন্যান্য সহায়তা-সহ, রূপান্তরকালীন সহায়তা পাবেন। গুরুত্বপূর্ণ পদগুলিতে রূপান্তরে সহায়তা করার জন্য অল্প সংখ্যক কর্মী সাময়িক ভাবে সংস্থায় থাকবেন।

Advertisement
আরও পড়ুন