Goods Airplane

বিমানে শুল্ক ছাড়া পণ্য আনার সীমা বাড়ল

সেগুলি থাকতে হবে যাত্রীর পোশাকে অথবা সঙ্গে থাকা ব্যাগে। সোমবার থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫০
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কাজই হোক বা ভ্রমণ, মানুষ এখন বিদেশে যাতায়াত করেন বেশি। বাজেটে তাই অন্য দেশ থেকে বিমানে শুল্ক ছাড়া পণ্য আনার নিয়ম বদলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই প্রস্তাব অনুসারে কেন্দ্র বিজ্ঞপ্তিতে জানাল, স্থলপথ বাদে অন্য পথে বিদেশ থেকে ভারতে এলে শুল্ক না দিয়েই ৭৫,০০০ টাকার পণ্য আনা যাবে। সেগুলি থাকতে হবে যাত্রীর পোশাকে অথবা সঙ্গে থাকা ব্যাগে। সোমবার থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। ২০১৬ সালের পুরনো নিয়মে ঊর্ধ্বসীমা ছিল ৫০,০০০ টাকা।

পাশাপাশি, ব্যাগেজ রুলস ২০২৬ অনুসারে, বিদেশি ব্যক্তিও (শিশু বাদে) চাইলে শুল্ক না দিয়ে ২৫,০০০ টাকার পণ্য আনতে পারবেন। যা ছিল ১৫,০০০। বিদেশে এক বছরের বেশি থাকার পরে দেশে ফিরলে ভারতীয় বা দেশীয় পর্যটক সঙ্গে করে আনতে পারবেন ৪০ গ্রাম সোনা, রুপো বা প্ল্যাটিনামের গয়না। তবে শর্ত, ওই গয়না কিনতে হবে মহিলা যাত্রীকে। না হলে ওজন হতে হবে সর্বোচ্চ ২০ গ্রাম।

বাজেটে মধ্যবিত্তদের কোনও সুরাহা নেই বলে অভিযোগ উঠেছে। সোমবার কেন্দ্রের দাবি, এ কথা ভুল। মূলত তাঁদের কথা ভেবেই বিদেশে শিক্ষা, চিকিৎসা, বেড়ানোর খরচ কমানো হয়েছে। বিদেশ থেকে ব্যক্তিগত ব্যবহারের পণ্য আনায় শুল্ক কমেছে। সরল হয়েছে নতুন ল্যাপটপ এবং ভারতে থাকার জন্য এলে গৃহস্থালীর জিনিস আনার নিয়ম। সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই শুল্ক ছাড়াই জিনিস আনার সীমা বেড়েছে।

আরও পড়ুন