India-America

ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে বহু ধোঁয়াশা, প্রশ্ন রেখেই স্বস্তি রফতানি মহলে

বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের দাবি, যৌথ বিবৃতি প্রকাশিত হবে শীঘ্রই। চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হলে জানা যাবে চুক্তির খুঁটিনাটিও।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২১
(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)।

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি চূড়ান্ত ঘোষণার পরে স্বস্তির সঙ্গে মাথা তুলেছে প্রশ্নও। কেন আমেরিকার প্রেসিডেন্ট চুক্তির কথা জানালেন, ভারতের প্রধানমন্ত্রী নন, কাদের মধ্যে চুক্তি সই হল, যৌথ বিবৃতি কোথায় ইত্যাদি। মঙ্গলবারও দিনভর শোনা গিয়েছে সেই ধোঁয়াশা ও ধন্দের কথা। ট্রাম্প ভারতের শুল্ক কমিয়ে ১৮% করায় বহু রফতানি সংস্থা স্বস্তি প্রকাশ করেছে। তবে এই শিল্পের উপদেষ্টা জিটিআরআই-এর প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তবের দাবি, যতক্ষণ না দু’পক্ষ চুক্তির বিষয়গুলি নিয়ে যৌথ বিবৃতি দিচ্ছে, আলোচনার লিখিত তথ্য সামনে আনছে এবং তা কার্যকর হওয়ার খুঁটিনাটি স্পষ্ট করছে, ততক্ষণ ধোঁয়াশা কাটার সম্ভাবনা কম। গোটা ঘটনাটিকে বরং রাজনৈতিক বার্তা হিসেবে দেখা উচিত।

বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের দাবি, যৌথ বিবৃতি প্রকাশিত হবে শীঘ্রই। চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হলে জানা যাবে চুক্তির খুঁটিনাটিও। নাম প্রকাশে অনিচ্ছুক রফতানি সংস্থার এক কর্তার প্রশ্ন, তার মানে কি চুক্তি চূড়ান্ত হয়নি? এখনও দু’পক্ষ বিশদে কিছু জানাল না কেন? ইইউ-র ক্ষেত্রে তো তা হয়নি!

ফিয়োর পূর্বাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান যোগেশ গুপ্ত বলেন, ‘‘যেটুকু জানা গিয়েছে উৎসাহব্যাঞ্জক। তবে ট্রাম্প কাল কী করবেন বলা কঠিন। শুল্ক কমায় বস্ত্র, চামড়ার পণ্য, গয়না শিল্প উপকৃত হবে।’’ ইইপিসি-র প্রাক্তন সভাপতি রাকেশ শাহের মতে, ‘‘বিশদে জানালে বোঝা যাবে ভারতের কতটা লাভ হল।’’ জেজিইপিসি-র কর্তা সব্যসাচী রায়ের দাবি, ‘‘চুক্তিতে ভারতকে পছন্দসই রাষ্ট্র গণ্য করা হল কি, জানা দরকার।’’

আরও পড়ুন