ডোনাল্ড ট্রাম্প। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
আমেরিকার সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্ককে বেআইনি তকমা দিয়ে বাতিল করেছিল। ক্ষুব্ধ ট্রাম্প ফের ভারত-সহ সব দেশের পণ্যে ১০% শুল্ক চাপান ১৫০ দিনের জন্য। এ বার তাঁর দেশের আন্তর্জাতিক বাণিজ্য আদালত সেটিকেও অযৌক্তিক বলে খারিজ করল। সংশ্লিষ্ট মহলের মতে, একের পর এক আদালতের রায়ে ট্রাম্প জমানার শুল্কনীতি অনিশ্চিত হয়ে পড়েছে। বাণিজ্য উপদেষ্টা জিটিআরআই-এর প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব বলেন, “আমেরিকার শুল্ক নিয়ে এই চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে তাদের সঙ্গে দীর্ঘকালীন বাণিজ্য চুক্তি করা উচিত নয় ভারতের। তা আমেরিকার পক্ষে একতরফা হওয়ার ঝুঁকি থাকবে। বরং চুক্তির শর্ত ঠিক করার আগে সে দেশে আইনসিদ্ধ এবং স্থিতিশীল শুল্ক ব্যবস্থা চালু হওয়ার জন্য অপেক্ষা করা উচিত।”