UG Admission 2026

মেরিন ইঞ্জিনিয়ারিং-সহ বিভিন্ন বিষয়ে স্নাতক হওয়ার সুযোগ, কোন যোগ্যতায়, কোথায় ভর্তি?

মেরিন ইঞ্জিনিয়ারিং ছাড়া নাভাল আর্কিটেকচার অ্যান্ড ওশন ইঞ্জিনিয়ারিং, শিপ বিল্ডিং, নটিক্যাল সায়েন্স, মেরিটাইম লজিস্টিক্স; লজিস্টিক্স, রিটেলিং অ্যান্ড ই-কমার্স বিষয়গুলি নিয়ে স্নাতক স্তরে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১২:২৬

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক স্তরে পড়তে চান? ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি দিচ্ছে ভর্তি হওয়ার সুযোগ। আগ্রহী পড়ুয়াদের বিজ্ঞান বিভাগের বিষয়ে উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় পাশ করতে হবে। সংশ্লিষ্ট পরীক্ষায় ৬০ শতাংশ কিংবা তার বেশি নম্বর থাকা প্রয়োজন। ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) ডিগ্রির অধীনে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে স্নাতক স্তরে পড়াশোনার সুযোগ পাওয়া যাবে।

Advertisement

সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে বিটেক ডিগ্রি কোর্সের অধীনে নেভাল আর্কিটেকচার অ্যান্ড ওশন ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার অ্যান্ড শিপ বিল্ডিং, ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি) ডিগ্রির অধীনে নটিক্যাল সায়েন্স বিষয়টি পড়ানো হবে। উল্লিখিত বিষয়গুলির জন্যও বিজ্ঞান বিভাগের বিষয়ে দ্বাদশ উত্তীর্ণদের ভর্তি নেওয়া হবে।

তবে, মেরিটাইম লজিস্টিক্স; লজিস্টিক্স, রিটেলিং অ্যান্ড ই-কমার্স বিষয়গুলি ব্যাচেলর অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি কোর্সের অধীনে পড়ানো হবে। তাই এ ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।

উল্লিখিত বিষয় নিয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি কমন এন্ট্রানস্ টেস্ট (আইএমইউ সিইটি) উত্তীর্ণ হতে হবে। ওই প্রবেশিকায় ইংরেজি ভাষা ও সাহিত্য, গণিত, রসায়ন, পদার্থবিদ্যা, জেনারেল অ্যাপটিটিউড বিষয়গুলি থেকে প্রশ্ন থাকছে।

পরীক্ষা দিতে আগ্রহীদের অনলাইন পোর্টাল মারফত ২৪ এপ্রিলের মধ্যে নাম নথিভুক্তকরণ সম্পূর্ণ করতে হবে। পরীক্ষা ২৫ মে নেওয়া হবে। পরীক্ষার ফলপ্রকাশের পর ১৭ জুন পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন জানানো যাবে। ভর্তি প্রক্রিয়া জুলাই মাসের মধ্যে সম্পূর্ণ হবে। ক্লাস ১ অগস্ট থেকে শুরু হতে চলেছে।

Advertisement
আরও পড়ুন