Admission in AIIMS 2026

আসন সংখ্যা ১৬০০-র বেশি! নার্সিং-সহ একাধিক বিষয়ে ভর্তি প্রক্রিয়া শুরু এমস-এ

সারা দেশে ২০টি এমস-এ চিকিৎসা পরিষেবার পাশাপাশি পঠনপাঠনের ব্যবস্থা রয়েছে। এ বার নার্সিং-সহ একাধিক বিষয়ে ব্যাচেলর অফ সায়েন্স কোর্সে ভর্তির আবেদন গ্রহণ শুরু করল প্রতিষ্ঠান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৮:০৪
এমস-এ একাধিক কোর্সে ভর্তির আবেদন গ্রহণ শুরু।

এমস-এ একাধিক কোর্সে ভর্তির আবেদন গ্রহণ শুরু। ছবি: সংগৃহীত।

দেশের প্রথম সারির মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস) অন্যতম। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, দেশে ২৬টি এমস-এর মধ্যে ২০টি এমস-এ যথাযথ ভাবে চিকিৎসা পরিষেবা এবং পঠনপাঠনের ব্যবস্থা রয়েছে। এ বার নার্সিং-সহ একাধিক বিষয়ে ব্যাচেলর অফ সায়েন্স কোর্সে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করল প্রতিষ্ঠান। এই মর্মে এমস-এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

Advertisement

বিএসসি নার্সিং, বিএসসি নার্সিং পোস্ট বেসিক এবং বিএসসি অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার-এর একাধিক বিষয়ে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার-এর কোর্সের আসন সংখ্যা ২৯৫। নার্সিং কোর্সের আসন সংখ্যার ১৩৬৬ এবং নার্সিং পোস্ট বেসিকের আসন সংখ্যা ৫০।

বিএসসি নার্সিং কোর্সটি চার বছরের। পাঠ্যক্রম থেকে নার্সিং-এর মৌলিক বিষয়গুলি সম্পর্কে স্পষ্ট ধারণা মেলে। তবে শুধু মহিলাদের জন্য এই কোর্স। তাঁদের ন্যূনতম বয়স ১৭ বছর হতে হবে। দ্বাদশ শ্রেণিতে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। পাঠ্যক্রমে থাকতে হবে পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা এবং ইংরেজি। পাশাপাশি কোর্সে ভর্তির জন্য এমস-এর প্রবেশিকায় উত্তীর্ণ হওয়া জরুরি। বাকি কোর্সে ভর্তির বিস্তারিত তথ্য এবং শর্তাবলি এমস-এর ওয়েবসাইট থেকে জানা যাবে।

আবেদন করবেন কী ভাবে?

এমস-এর ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে হবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া প্রয়োজন। ২৪ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এর পর বিভাগ ভিত্তিক প্রবেশিকা নেবে এমস। নার্সিং পোস্ট বেসিকের প্রবেশিকা হবে ৩০ মে। অ্যালাইড অ্যান্ড হেলথ সায়েন্সের প্রবেশিকা ৪ জুলাই। আর বিএসসি নার্সিং-এর প্রবেশিকা আয়োজিত হবে ২৭ জুন।

Advertisement
আরও পড়ুন