CBSE Revaluation 2026

ওএসএম পদ্ধতি নিরাপদ, জানাল সিবিএসই, অভিষেক বন্দ্যোপাধ্যায় তুললেন দেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সিবিএসই-এর সদর দফতরে একটি পর্যালোচনা বৈঠক করেছেন। সেখানে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব, সিবিএসই-র চেয়ারপার্সন, আইআইটি মাদ্রাজ ও আইআইটি কানপুরের ডিরেক্টর-সহ সিবিএসই-র পদস্থ শীর্ষ আধিকারিকেরা ছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১৮:৫২
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সিবিএসই-এর সদর দফতরে বৈঠক করেছেন।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সিবিএসই-এর সদর দফতরে বৈঠক করেছেন। ছবি: সংগৃহীত।

অন স্ক্রিন মার্কিং (ওএসএম) পদ্ধতি একেবারে নিরাপদ এবং উচ্চ মানের আইটি প্ল্যাটফর্ম দ্বারা পরিচালিত। ডিজিটাল মূল্যায়ন বা খাতা দেখার পদ্ধতি নিয়ে দেশজুড়ে তৈরি হওয়া চরম উদ্বেগ ও বিতর্কের মাঝে বৃহস্পতিবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) দাবি করেছে এমনই।

Advertisement

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সিবিএসই-এর সদর দফতরে একটি পর্যালোচনা বৈঠক করেছেন। সেখানে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব, সিবিএসই-র চেয়ারপার্সন, আইআইটি মাদ্রাজ ও আইআইটি কানপুরের ডিরেক্টর, শিক্ষা মন্ত্রালয়ের উচ্চ পর্যায়ের আধিকারিক, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের আধিকারিক-সহ সিবিএসই-র পদস্থ শীর্ষ আধিকারিকেরা ছিলেন। বৈঠকের শেষে বোর্ডের তরফে জানানো হয়, খাতা দেখার আসল পোর্টালটিতে কোনও রকমের নিরাপত্তা বা সুরক্ষাজনিত ত্রুটি পাওয়া যায়নি।

বৈঠকে মূলত চারটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে।

১) খাতা পুনর্মূল্যায়ন বা রি-ইভালুয়েশনের জন্য একটি বিশেষ ওয়েবসাইট বা পোর্টাল তৈরি করা হবে। যেখানে খুব সহজেই পড়ুয়ারা আবেদন করতে পারবেন।

২) সিবিএসই-র নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে প্রযুক্তিগত ভাবে শক্তিশালী করতে হবে। যাতে পড়ুয়ারা লগ-ইন করলেও ওয়েবসাইটে সমস্যা না হয়।

৩) পরীক্ষা শুরু থেকে ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত, সম্পূর্ণ প্রক্রিয়া যাতে পড়ুয়াদের উদ্দেশ্যে সুবিধাজনক হয় তার ব্যবস্থা করতে হবে।

৪) খাতা দেখার পদ্ধতি এবং শিক্ষকদের ওপর নজরদারির ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে। যাতে খাতা দেখায় কোনও ভুলভ্রান্তি না থাকে।

বৈঠকে জানানো হয়েছে, পড়ুয়াদের স্বার্থে ইতিমধ্যেই কিছু পদক্ষেপ করা হয়েছে। তবে এর স্থায়ী সমাধানের জন্য ভবিষ্যতে একটি স্বচ্ছ ও প্রযুক্তি-নির্ভর পরিষেবা গড়ে তোলা হবে। এর ফলে সিবিএসই-র সমস্ত কাজ আরও নিখুঁত হয়ে যাবে এবং ছাত্রছাত্রীরা সরাসরি উপকৃত হবে বলেই দাবি বোর্ডের।

পাশাপাশি বোর্ডের তরফে বিশেষ ফোন নম্বর এবং ই-মেল আইডি প্রকাশ করা হয়েছে। যেখানে পড়ুয়ারা ওএসএম পদ্ধতিতে খাতা দেখার আবেদন-সহ কোনও রকম সমস্যার কথা জানাতে পারবেন। সিবিএসই তাদের এক্স হ্যান্ডেলে এই ফোন নম্বর এবং ই-মেল আইডি প্রকাশ করেছে এবং জানিয়েছে এটা ২৪ ঘণ্টাই খোলা থাকবে।

সিবিএসই-র খাতা দেখার পদ্ধতির গাফিলতি জড়িয়ে গিয়েছে রাজনীতির সঙ্গেও। নিট ইউজি, এসএসসি জিডি নিয়োগ বিতর্কের মতো সিবিএসই-র বিষয়টি নিয়েও এখন রাজ্য রাজনীতি তোলপাড়। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘এটি কেবল সাধারণ কোনও অব্যবস্থা নয়। বরং পরিকল্পিত ভাবে মেধার গলা টিপে হত্যা করা। আমাদের একটা গোটা প্রজন্ম আজ এই বিশ্বাস নিয়ে বড় হচ্ছে যে, তাঁরা যত কঠোর পরিশ্রমই করুক না কেন, এই ঘুণ-ধরা ব্যবস্থা যে কোনও রাতে তাদের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিতে পারে।’’ তাঁর মতে, যে সরকার দেশের পরীক্ষাগুলির সততা ও স্বচ্ছতা রক্ষা করতে পারে না, সেই সরকার দেশের ভবিষ্যৎ রক্ষা করার দাবিও করতে পারে না।

Advertisement
আরও পড়ুন