CBSE Cyber Attack

সাইবার হানার অভিযোগে এফআইআর সিবিএসই-র, দেশি-বিদেশি আইপি অ্যাড্রেস থেকে ক্ষতিকারক ট্রাফিকের সন্ধান

বোর্ডের এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, পরিকল্পিত এবং অত্যন্ত জটিল সাইবার হামলার বিরুদ্ধে দিল্লি পুলিশের ‘ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশনস’ ইউনিটের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ২০:১৮

ছবি: এআই সহায়তায় প্রণীত।

দ্বাদশ শ্রেণির ফলাফল পুনর্মূল্যায়নের জন্য আবেদনের পোর্টালে পরিকল্পিতভাবে একাধিক সাইবার হামলা চালানো হয়েছে বলে আগেই অভিযোগ জানিয়েছিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। আর এ বার সংশ্লিষ্ট বিষয়ে দিল্লি পুলিশে এফআইআর দায়ের করা হয়েছে বোর্ডের তরফে।

Advertisement

বোর্ডের এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, পরিকল্পিত এবং অত্যন্ত জটিল সাইবার হামলার বিরুদ্ধে দিল্লি পুলিশের ‘ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশনস’ ইউনিটের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের উত্তরপত্র যাচাইকরণ এবং পুনর্মূল্যায়নের মতো পরিষেবাগুলি সহজ করতে গত ২ জুন এই পোর্টালটি চালু করা হয়। এফআইআর-এ বোর্ড জানিয়েছে, গত তিন দিন ধরে এই পোর্টালটিতে বারবার সুসংগঠিত ভাবে সাইবার আক্রমণ করা হয়েছে। এই হামলাগুলির সময়ে দেশ এবং বিদেশের একাধিক আইপি অ্যাড্রেস থেকে বিপুল পরিমাণ ক্ষতিকারক ট্রাফিক পাঠানো হয়েছিল বলেই অভিযোগ।

সিবিএসই-র বিবৃতি অনুযায়ী, যেহেতু এই পোর্টালটি ফলাফল-পরবর্তী পরিষেবা দেওয়ার জন্য শুরু করা হয়েছে, তাই এখানে প্রচুর পড়ুয়া আবেদনও করছে। সুতরাং এর কার্যকারিতায় কোনও ধরনের ব্যাঘাত ঘটলে তা বিপুল সংখ্যক স্টেকহোল্ডারস্‌-এর উপরেও বিরূপ প্রভাব ফেলতে পারে। এর ফলে পড়ুয়াদের ব্যাপক ভোগান্তি হতে পারে এবং বোর্ডের প্রতি শিক্ষার্থীদের মনে অসন্তোষ সৃষ্টি হতে পারে। তাই সঠিক তদন্তের জন্য অভিযোগ দায়ের করা হয়েছে।

বোর্ডের দাবি, সাইবার আক্রমণকারীদের স্পষ্ট উদ্দেশ্য ছিল এই প্ল্যাটফর্মটিকে অচল করে দেওয়া, বৈধ ব্যবহারকারীদের প্রবেশাধিকার থেকে বঞ্চিত করা এবং দেশের স্বার্থবিরোধী উপাদানগুলির মাধ্যমে অননুমোদিতভাবে তথ্য হাতিয়ে নেওয়া।

তবে বোর্ড জানিয়েছে, তাদের সিস্টেম এবং ডেটাবেস সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। জানা যাচ্ছে, এই ধরনের হামলার ধরন ও ব্যাপকতা বুঝতে এবং বিশদ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে আইএফএসও ইউনিটের দ্বারস্থ হয়েছে তারা।

সিবিএসই জানিয়েছে, ২৪ ঘণ্টাই নজরদারি এবং তাৎক্ষণিক মোকাবিলা ব্যবস্থার মাধ্যমে এই হামলাগুলি সফল ভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। এই কাজে আইআইটি কানপুর আইআইটি মাদ্রাজ, ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন, ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার, সার্ট-ইন এবং অন্যান্য কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির সাইবার নিরাপত্তা দলগুলি সক্রিয়ভাবে সহায়তা করেছে।

প্রাথমিক ভাবে ১ জুন পোর্টাল চালু করার কথা জানানো হয় বোর্ডের তরফে। কিন্তু সে দিন তা বন্ধ ছিল। বার্তা এসেছিল, ‘মেরামতির কাজ চলছে’। পর দিন, ২ জুন সকাল থেকে পোর্টালে লগ-ইন করতে পারলেও আবেদন করা যাচ্ছে না বলে অভিযোগ তোলেন বহু পড়ুয়া। একের পর এক অভিযোগ আসতে থাকে সমাজমাধ্যমে। কোনও পড়ুয়া পোর্টালে যাবতীয় তথ্য দিয়েও ঢুকতে পারেনি, আবার কোনও পড়ুয়া অভিযোগ জানানোর যথাযথ বিকল্পের সন্ধানই পায়নি। তবে, ২ জুন বিকেলে সিবিএসই জানায়, সব ঠিক আছে। কেন পোর্টাল খোলা যাচ্ছিল না তার কারণও জানানো হয় বোর্ডের তরফে। সুরক্ষার চাদরে মোড়া থাকলেও নতুন পোর্টালেও সাইবার হানা হয়। অভিযোগ, বোর্ডের এই পোর্টালে ‘ডিনায়েল-অফ-সার্ভিস’ হামলা চালানো হয়। এই আক্রমণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মাত্র দু’মিনিটের মধ্যে পোর্টালটিতে প্রায় ১৫ লক্ষ ফেক হিট বা ট্রাফিক পাঠানো হয়েছিল বলে দাবি বোর্ডের। সিস্টেমের ভিতরে থাকা ফাইলগুলিতে অননুমোদিতভাবে ঢোকার জন্য এক লক্ষেরও বেশি বার চেষ্টা চালানো হয়েছিল বলে অভিযোগ।

Advertisement
আরও পড়ুন