ইআইআইএলএম-কলকাতায় পড়তে এলেন আমেরিকার পড়ুয়ারা। ছবি: সংগৃহীত।
উচ্চশিক্ষার জন্য প্রতি বছরই বিদেশে পাড়ি দেন ভারতের বহু পড়ুয়া। নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী, ২০২৪-এ প্রায় ১৩ লক্ষ পড়ুয়া পড়াশোনার জন্য বিদেশ পাড়ি দিয়েছেন। কিন্তু ২০২৬-এ সুদূর আমেরিকা থেকে একাধিক পড়ুয়া এসেছেন খাস কলকাতায়, পড়াশোনার তাগিদে।
‘বরো অফ ম্যানহাটন কমিউনিটি কলেজ’ (বিএমসিসি), ‘সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক’ (সিইউএনওয়াই) শিক্ষা সহযোগী হিসাবে বেছে নিয়েছে কলকাতার প্রতিষ্ঠান ইআইআইএলএম-কে। সেই সূত্রেই বেশ কিছু পড়ুয়া এ দেশে এসেছেন। ইআইআইএলএম-এর তরফে জানানো হয়েছে, দু’দেশের পারস্পরিক বিনিময়ের মধ্য দিয়েই মেধার উৎকর্ষ বৃদ্ধি করা যাবে। সামাজিক উদ্যোগ সংক্রান্ত নানা বিষয়ে আলোকপাত করা হবে। সেই লক্ষ্যেই ‘ইআইআইএলএম-কলকাতা সেন্টার ফর লিডারশিপ অ্যান্ড এথিক্স’ (ইকেসিএলই) আয়োজন করেছে বিশেষ প্রশিক্ষণের।
গত ২৩ জুন থেকে প্রশিক্ষণটি শুরু হয়েছে। আগামী ৮ জুলাই পর্যন্ত তা চলবে। ‘সোশ্যাল এন্টারপ্রেনারশিপ’ প্রশিক্ষণের অঙ্গ হিসাবেই মার্কিন পড়ুয়ারা ঘুরে দেখবেন কলকাতার নানা প্রান্ত। নানা সামাজিক সমস্যার সমাধানের পথ খোঁজাই এই প্রশিক্ষণের উদ্দেশ্য। যাতে আগামী দিনের উদ্যোক্তারা এ বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল থাকতে পারেন।
কলকাতা ঘুরে দেখবেন আমেরিকার পড়ুয়ারা। ছবি: সংগৃহীত।
এই কর্মসূচির মাধ্যমে আমেরিকার শিক্ষার্থীরা কলকাতার বিভিন্ন সামাজিক উদ্যোগ, বিচিত্র জনগোষ্ঠী এবং তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুস্থায়ী উন্নয়নের বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ইআইআইএলএম-এর শিক্ষার্থীদের সঙ্গেও আমেরিকার পড়ুয়ারা ভাবনা ও সংস্কৃতির আদান-প্রদান করতে পারবেন। সংস্থার দাবি, এতে দু’দেশের শিক্ষা-সম্পর্ক আরও মজবুত হবে।
এ বিষয়ে ইআইআইএলএম-কলকাতার চেয়ারম্যান এবং ডিরেক্টর রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বহু বছর ধরে ভারতীয় ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের জন্য বিদেশযাত্রা করেন। আজ নিউ ইয়র্কের একটি নামী কলেজ থেকে ছাত্রছাত্রীরা আমাদের এখানে পড়তে আসছে, এটা গোটা কলকাতার জন্য বিরাট গর্বের বিষয়। বিশ্ব শিক্ষাজগতে ভারতের গুরুত্ব কতটা বৃদ্ধি পাচ্ছে তার প্রমাণ এই শিক্ষার্থী বিনিময়।’’