— প্রতিনিধিত্বমূলক চিত্র।
কয়েক সেকেন্ডের মধ্যে অফিসের কিউবিকল থেকে নায়গ্রা ফলসের সামনে হাজির হওয়া সম্ভব। এ জন্য চোখে একটি বিশেষ যন্ত্র পরে নিলেই হবে। প্রযুক্তির গুণে আমাজ়নের জঙ্গলের দৃশ্যপট হোক কিংবা এভারেস্টের চূড়া— সর্বত্রই পৌঁছে যাওয়া যায়। এই বিশেষ যন্ত্রটি যে প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়, তার নাম ভার্চুয়াল রিয়্যালিটি। ওই বিষয়টি নিয়ে মাস্টার অফ টেকনোলজি (এমটেক) উইথ রিসার্চ পড়ার সুযোগ পাওয়া যাবে।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), মান্ডি থেকে ওই কোর্সটি করা যাবে। গবেষণার জন্য ভার্চুয়াল রিয়্যালিটি অ্যাপ্লিকেশনস এবং নিউরো সেন্সিং কিংবা সাইকোলজিক্যাল সেন্সিং বিষয়টি বেছে নেওয়ার সুযোগ থাকছে।
এ ছাড়াও ওই প্রতিষ্ঠান থেকে কগনিটিভ সায়েন্স, মেন্টাল হেলথ অ্যাপ্লিকেশনস, ইন্ডিয়ান নলেজ সিস্টেম, নিউরোইলেকট্রোম্যাগনেটিক রিসোনেন্স অ্যান্ড কনসাসনেস স্টাডিজ় নিয়ে এমটেক করা যাবে।
উল্লিখিত বিষয়গুলি নিয়ে পড়াশোনার জন্য আগ্রহীদের ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজি শাখার কোনও বিষয়ে স্নাতক হতে হবে। তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। স্নাতকের পরীক্ষায় পড়ুয়াদের ন্যূনতম ৭০ শতাংশ নম্বর থাকতে হবে।
আগ্রহীদের আইআইটি মান্ডি-র ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ২০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদনের জন্য ১৫ মে পর্যন্ত পোর্টাল চালু থাকবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ১৫ জুন ডেকে নেওয়া হবে।