সোমদত্তা মণ্ডল । ছবি: সংগৃহীত।
যা হয়েছে, ভালই হয়েছে আর যা হবে তা আরও ভাল হবে। ‘থ্রি ইডিয়েটস’-এর রাঞ্চোর মতো কলকাতার সোমদত্তাও মনে করেন, ‘অল ইজ় ওয়েল’।
গত ৩ মে নিট ইউজি পরীক্ষায় বসেছিলেন কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র সোমদত্তা মণ্ডল। ছোটবেলা থেকেই বিজ্ঞানে আগ্রহী ছাত্রী চান চিকিৎসক হতে, তাই নিট পরীক্ষায় বসা। কিন্তু ১২ মে ঘোষণা হয়, সে পরীক্ষা বাতিল হয়েছে। ফের পরীক্ষা দিতে হবে। এরই মধ্যে ১৩ মে প্রকাশিত হল সিবিএসই পরীক্ষার ফল। ৯৮ শতাংশের বেশি নম্বর পেয়ে পাশ করেছেন ঢাকুরিয়ার বাসিন্দা সোমদত্তা।
নিট ইউজি-তে ওঠা অস্বচ্ছতার অভিযোগ, পরীক্ষা বাতিলের খবর খুব একটা বিচলিত করেনি তাঁকে। বরং নতুন উদ্যমে প্রস্তুতি শুরু করেছেন তিনি, ফের পরীক্ষা দিতে হবে। বুধবার সোমদত্তা বলেন, “খানিকটা মানসিক উদ্বেগ যে তৈরি হয়নি, তা নয়। কিন্তু আমার তো কিছু করার নেই। আবার পরীক্ষা দিতে হবে। আমি মনে করছি এটা একটা ভাল সুযোগ। আগের পরীক্ষায় দু’টি ছোট্ট ভুল করেছিলাম, সেগুলো করা উচিত হয়নি। এ বার শুধরে নেব।” তাই একদিনও সময় নষ্ট না করে প্রস্তুতি শুরু করেছেন তিনি। মনে করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই নতুন করে পরীক্ষার দিন ঘোষণা করা হবে।
বিজ্ঞানের যে কোনও বিষয়ই ভাল লাগে। তবে সব থেকে প্রিয় প্রাণিবিদ্যা এবং পদার্থবিদ্যা। যদিও দ্বাদশের পরীক্ষায় সব থেকে বেশি নম্বর সোমদত্তা পেয়েছেন রসায়নে, ১০০-র মধ্যে ১০০ই পেয়েছেন তিনি। জীববিদ্যায় পেয়েছেন ৯৯, পদার্থবিদ্যায় ৯৭, গণিতে ৯৯, ইংরেজিতে ৯৮।
সোমদত্তা জানান, পদার্থবিদ্যার প্রতি আগ্রহ তৈরি করেছেন তাঁর বাবা। তিনি নিজেও পদার্থবিদ্যার শিক্ষক। সোমদত্তা বলেন, “ছোট থেকেই বাড়িতে পড়াশোনা বাবার কাছে। বরাবরই চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেছি। সেই লক্ষ্যেই নিজেকে তৈরি করার চেষ্টা করছি।”