— প্রতিনিধিত্বমূলক চিত্র।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) চার বছরের ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম (আইটিইপি) কোর্সে ভর্তির প্রবেশিকার দিন ঘোষণা করেছে। এনটিএ আয়োজিত ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট (এনসিইটি) শীর্ষক পরীক্ষাটি ১৭ এবং ১৮ এপ্রিল হতে চলেছে। কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে পরীক্ষাটি নেওয়া হবে।
প্রথম থেকে দশম শ্রেণির পড়ুয়াদের পাঠদানের কৌশল শেখানো হয় চার বছরের ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম (আইটিইপি) কোর্সে। ওই কোর্সে ভর্তি হওয়ার জন্য দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পাশাপাশি, এনসিইটি-ও পাশ করা আবশ্যক। সংশ্লিষ্ট পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের ভাষার দক্ষতা, মূল বিষয় (ডোমেন সাবজেক্ট), জেনারেল টেস্ট এবং টিচিং অ্যাপটিটিউড সংক্রান্ত প্রশ্ন করা হয়ে থাকে। মোট ১৩টি ভাষায় ওই পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা।
২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম চালু করা হয়েছে। সংশ্লিষ্ট কোর্সের মাধ্যমে স্নাতক স্তরে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির পড়ুয়াদের পাঠদানের কৌশল, শিশুবিকাশ, শিক্ষাবিজ্ঞান সম্পর্কে শিখে নেওয়ার সুযোগ পাওয়া যাবে। এই কোর্সের পাঠ্যক্রম তৈরি করেছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন।
পরীক্ষার অ্যাডমিট কার্ড এনটিএ-এর ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। অনলাইন মাধ্যমে ওই নথি ডাউনলোড করে নিতে হবে। নাম নথিভুক্তিকরণের সময় যে আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেছিলেন, সেই তথ্যের সাহায্যে নির্দিষ্ট পোর্টালে গিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে করে নেওয়া যাবে।
১৭ এবং ১৮ এপ্রিল মোট দু’টি অর্ধে পরীক্ষা নেওয়া হবে। প্রথমার্ধের পরীক্ষা সকাল ৯টা থেকে বেলা ১২টা এবং দ্বিতীয়ার্ধের পরীক্ষা বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। পরীক্ষার জন্য মোট তিন ঘণ্টা সময় দেওয়া হবে।