NEET Re Exam 2026

যোগ দিবসে নিট পুনঃপরীক্ষা, নির্ধারিত সময়ের অনেক আগেই হাজিরা কলকাতার পরীক্ষার্থীদের

বায়োমেট্রিক ভেরিফিকেশনের জন্য অনেকটাই সময় প্রয়োজন, তাই পরীক্ষার্থীদের আগে আসার পরামর্শ দিয়েছিল নিয়ামক সংস্থা। ভোগান্তি এড়াতে অনেকে নির্ধারিত সময়ের অনেক আগেই পরীক্ষাকেন্দ্রে এসে ভিড় জমাতে শুরু করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ১২:০৬
পরীক্ষার হলে ঢোকার মুখে পরীক্ষার্থীদের নথি যাচাই করে নেওয়া হচ্ছে।

পরীক্ষার হলে ঢোকার মুখে পরীক্ষার্থীদের নথি যাচাই করে নেওয়া হচ্ছে। নিজস্ব চিত্র।

মেডিক্যাল স্নাতকে ভর্তির যোগ্যতা নির্ণায়ক প্রবেশিকা নতুন করে নেওয়া হচ্ছে রবিবার। এই পরীক্ষা দিতে চলেছেন মোট ২২ লক্ষ ৭৯ হাজার পরীক্ষার্থী। আবার এই দিনই আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে দেশ জুড়ে। তাই পরীক্ষা শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই কলকাতার বিভিন্ন কেন্দ্রে পৌঁছে গিয়েছেন পরীক্ষার্থীরা।

Advertisement

রবীন্দ্র সেতু-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যোগ দিবস পালিত হচ্ছে। এ জন্য বন্ধ রয়েছে একাধিক রাস্তাও। তাই বিলম্বের আশঙ্কায় ভোরবেলাই রওনা দিয়েছিলেন বাগনানের সম্পদ দাস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে জানতে পারলেন বেলা ১১টার পর থেকে পরীক্ষার হলে যেতে দেওয়া হবে। সম্পদের মতো আরও অনেক পরীক্ষার্থী ভোর থেকে ভিড় জমাতে শুরু করেন পরীক্ষাকেন্দ্রে। তবে, কাউকেই নির্দিষ্ট সময়ের আগে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।

বেলা ১১টা থেকে কলকাতার যাদবপুর বিদ্যাপীঠ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে শুরু হয়েছে দেহতল্লাশি। পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড, ছবি এবং সরকারি পরিচয়পত্র সঙ্গে এনেছেন কি না, তা কেন্দ্রের প্রবেশপথে যাচাই করা হচ্ছে। এর পর দেহতল্লাশি করে ভিতরে অন্যত্র একটি জায়গায় বায়োমেট্রিক ভেরিফিকেশন করা হচ্ছে।

পরীক্ষাকেন্দ্রে সময়ের আগেই পৌঁছে গিয়েছেন পরীক্ষার্থীরা।

পরীক্ষাকেন্দ্রে সময়ের আগেই পৌঁছে গিয়েছেন পরীক্ষার্থীরা। নিজস্ব চিত্র।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) জানিয়েছিল, বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে। তার পর আর কোনও পরীক্ষার্থীকে ভিতরে যেতে দেওয়া হবে না। যেহেতু বায়োমেট্রিক ভেরিফিকেশনের জন্য অনেকটাই সময় প্রয়োজন, তাই পরীক্ষার্থীদের আগে আসার পরামর্শ দিয়েছিল নিয়ামক সংস্থা। তাতেই অনেকে নির্ধারিত সময়ের আগেই পরীক্ষাকেন্দ্রে এসে ভিড় জমাতে শুরু করেন।

যানজট এড়াতে এবং পরীক্ষার্থীদের সুবিধার্ধে যাদবপুর বিদ্যাপীঠ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে আলাদা করে কোনও গাড়ি পার্কিং করতে দেওয়া হচ্ছে না। কেন্দ্রের সামনে গার্ডরেল বসানো হয়েছে। নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশও।

নিট ইউজি-র জন্য রাজ্যস্তরে কন্ট্রোলরুম চালু করা হয়েছে। শনিবার বেলা ১২টা থেকে সোমবার ২২ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু থাকবে কন্ট্রোলরুমের ফোন নম্বর। রাজ্য সরকারের তরফে দু’টি নম্বর (০৩৩ ২২১৪-৩৫২৬ ও ৮৬৯৭৯৮১০৭০) দেওয়ার পাশাপাশি একটি টোল-ফ্রি নম্বরও (১০৭০) দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা নিট সংক্রান্ত কোনও সমস্যা হলেই এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন বলেই জানা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন