NEET Exam Changes

নিট ইউজি পুনঃপরীক্ষায় বাঁ-হাতি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা, ঘোষণা এনটিএ-র

পরীক্ষার সময়সীমা ১৫ মিনিট বৃদ্ধি করা হয়েছে। মোট ১৯৫ মিনিট (৩ ঘণ্টা ১৫ মিনিট) করা হয়েছে। পরীক্ষাটি দুপুর ২টো থেকে শুরু হয়ে বিকেল ৫টা ১৫ পর্যন্ত চলবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৭:১১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দেশজুড়ে প্রশ্নফাঁস-সহ নানা অভিযোগে জর্জরিত ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ২১ জুনের পুনঃপরীক্ষায় কোনও রকম ফাঁক রাখতে চায় না এনটিএ। তাই, শুক্রবার আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করলেন কর্তৃপক্ষ। পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষার নিয়মে খানিক পরিবর্তন করা হয়েছে বলেই জানাল এনটিএ।

Advertisement

এনটিএ-এর বিজ্ঞপ্তি অনুযায়ী কী কী পরিবর্তন আনা হল—

পরীক্ষার সময়সীমা ১৫ মিনিট বৃদ্ধি: পরীক্ষার সময়সীমা ১৫ মিনিট বৃদ্ধি করা হয়েছে। মোট ১৯৫ মিনিট (৩ ঘণ্টা ১৫ মিনিট) করা হয়েছে। পরীক্ষাটি দুপুর ২টো থেকে শুরু হয়ে বিকেল ৫টা ১৫ পর্যন্ত চলবে। এনটিএ জানিয়েছে, পরীক্ষার হলে হাজিরা খাতায় সই করা এবং ইনভিজিলেটরদের অন্য নানা প্রশাসনিক কাজ সম্পন্ন করতে যে সময় ব্যয় হয়, তা এই বর্ধিত সময়ের মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে।

২) রাফ ওয়ার্কের জন্য দ্বিগুণ জায়গা ও প্রশ্নপত্রের নতুন ডিজাইন: পরীক্ষার সময় অঙ্ক, বিভিন্ন গণনা বা ডায়াগ্রাম তৈরির সুবিধার্থে প্রশ্নপত্রের বুকলেটে রাফ বা খসড়া কাজ করার জায়গার পরিমাণ দ্বিগুণ করে দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের এখন আগের দু’টি পাতার পরিবর্তে মোট চারটি ‘রাফ-ওয়ার্ক’ পাতা দেওয়া হবে। এর পাশাপাশি, বুকলেটের নকশায়ও বদল আনা হয়েছে বলে জানিয়েছে এনটিএ। আগে রাফ করার পাতাগুলি শুধু বুকলেটের একদম শেষেই দেওয়া থাকত। তবে, বাঁ-হাতি পরীক্ষার্থীদের জন্য কিছুটা অস্বস্তিকর ছিল এই বিষয়টি। এই সমস্যার সমাধানে এখন দু’টি রাফ-ওয়ার্ক পাতা বুকলেটের শুরুতে রাখা হচ্ছে। বুকলেটে নির্দেশাবলির ঠিক পরেই রাখা হয়েছে দু’টি পাতা এবং বাকি দু’টি পাতা আগের মতোই শেষে থাকবে। এই সংশোধিত বুকলেটের নকশাটি ইংরেজি এবং সমস্ত আঞ্চলিক ভাষার প্রশ্নপত্রেই অন্তর্ভুক্ত করা হয়েছে।

শুক্রবারের বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার স্বচ্ছতা, নিরাপত্তা এবং নিরপেক্ষতা বজায় রেখেই এই পরিবর্তনগুলি করা হয়েছে বলে দাবি এনটিএ-এর। বিশেষ ভাবে সক্ষম (পিডব্লুডি এবং পিডব্লুবিডি) পরীক্ষার্থীদের বেশির ভাগ সময়ই প্রয়োজন হয় ‘রাইটার’ বা শ্রুতিলেখকদের। সে জন্য এনটিএ-এর তরফে চালু করা হয়েছে ‘রাইটার’ আবেদনের পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে প্রার্থীরা তাঁদের পরীক্ষায় সাহায্যকারী ‘রাইটার’-এর প্রয়োজনীয় নথিপত্র ও বিবরণ জমা দিতে পারবেন। নির্দেশিকা অনুযায়ী যে সকল প্রার্থী ‘রাইটার’-এর সুবিধা পাওয়ার যোগ্য, তাঁরা নিট-এর ওয়েবসাইট-এর মাধ্যমে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১২ জুন, রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত প্রার্থীরা অনলাইনে তাঁদের রাইটারদের তথ্য জমা দিতে পারবেন।

Advertisement
আরও পড়ুন