Jadavpur University 2026

অভ্যন্তরীণ অভিযোগ কমিটির ভোট, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জয়জয়কার মহিলা প্রতিনিধিদের

দু’দিনই নির্বাচন শান্তিপূর্ণ ভাবে করানোটা চ্যালেঞ্জ ছিল বলে মনে করছেন কর্তৃপক্ষ। কারণ গত ফেব্রুয়ারিতে এই আইসিসি নির্বাচন ঘিরেই উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৪:১৯
যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বিধানসভা ভোটের আবহেই ফলঘোষণা হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির (আইসিসি)-র নির্বাচনের। সোমবার দুপুরে সার্বিক ফলঘোষণা হয়।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, বিজ্ঞান বিভাগের স্নাতক এবং স্নাতকোত্তরে দু’টি ক্ষেত্রেই জয়লাভ করেছে ‘উই দ্য ইন্ডিপেন্ডেন্ট’ (ডব্লিউটিআই)। স্নাতকের নির্বাচিত প্রতিনিধির নাম দীপশিখা কর রায় এবং স্নাতকোত্তরে জয়ী হয়েছেন অদ্রিকা সাহা। কলা বিভাগে দু’টি আসনেই জয়লাভ করেছে এসএফআই প্রতিনিধিরা। স্নাতকে সানিয়া ঘোষ এবং স্নাতকোত্তরে জয়লাভ করেছেন দিশা ঝা। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের ক্ষেত্রে স্নাতক এবং স্নাতকোত্তরে দু’টিতেই গণতান্ত্রিক শিক্ষার্থী ফ্রন্টের প্রতিনিধিরা জয় লাভ করেছেন। জয়ী প্রতিনিধিরা হলেন স্নাতকে মেহুলী সরকার এবং স্নাতকোত্তরে খুরশিদা বানো।

গত ৮ এবং ২১ এপ্রিল নির্বাচনে যোগ দেন কলা ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা। ৮ এপ্রিল বেলা ১২টা থেকে দিবা বিভাগের স্নাতক এব‌ং স্নাতকোত্তর স্তরের এবং সন্ধে ৬টা থেকে সান্ধ্য বিভাগের স্নাতক-স্নাতকোত্তর স্তরে ছাত্র প্রতিনিধি নির্বাচন হয়। অন্য দিকে ২১ এপ্রিল বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এই নির্বাচনে যোগ দেন। ওই দিন বেলা ১২টা থেকে দিবা বিভাগের স্নাতক এবং বিকেল ৪টা থেকে সান্ধ্য বিভাগের স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের নির্বাচন আয়োজিত হয়।

দু’দিনই নির্বাচন শান্তিপূর্ণ ভাবে করানোটা চ্যালেঞ্জ ছিল বলে মনে করছেন কর্তৃপক্ষ। কারণ গত ফেব্রুয়ারিতে এই আইসিসি নির্বাচন ঘিরেই উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ২০ ফেব্রুয়ারি বিকেলে আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শেষ হতেই সায়েন্স-আর্টস মোড়ের কাছে ছাত্রদের মধ্যে শুরু হয় বিবাদ। মধ্যস্থতা করতে গিয়ে জখম হয়েছিলেন দুই অধ্যাপক রাজ্যেশ্বর সিংহ এবং ললিত মাধব। তদন্ত কমিটি বসিয়ে অভিযুক্ত পড়ুয়াদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নিতে হয়।

সেই আবহে এই নির্বাচন বাড়তি চ্যালেঞ্জ ছিল বলেই মত যাদবপুরের অন্দরের। আইসিসি-এ বিজ্ঞান, কলা এবং ই়ঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগে থেকে স্নাতক ও স্নাতকোত্তরের ১ জন করে মোট ৬ জন প্রতিনিধি থাকেন। আর একজন থাকেন পিএইচডি গবেষক। পিএইচডি গবেষকের একজন প্রতিনিধি আগেই নির্বাচিত হয়েছিলেন। এ বারে আজ বাকি ছ’জন নির্বাচিত হওয়ায় কমিটির নির্বাচিত প্রতিনিধির গঠন সম্পূর্ণ হল।

Advertisement
আরও পড়ুন