— প্রতীকী চিত্র।
এ বার পড়াশোনা বুঝিয়ে দিতে ইউটিউব-এ হাজির হবেন শিক্ষকেরা। পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদ এ জন্য শিক্ষকদের কাছে ভিডিয়ো চেয়ে পাঠিয়েছে।
কী ভাবে বুঝিয়ে দিলে পড়ুয়াদের সুবিধা হবে পড়াশোনা করতে, কোন কোন অংশ বুঝতে অসুবিধা হয় পড়ুয়াদের সে সব বিষয় এ বার শিক্ষকদের কাছে জানতে চেয়েছে দফতর। এমনকি চাইলে শিক্ষাকর্মীরাও এই ভিডিয়ো তৈরি করে দিতে পারেন। শুক্রবার দফতরের এক কর্তা জানান, কোনও কোনও শিক্ষকের পড়ানোর কৌশল পড়ুয়াদের কাছে বেশি গ্রহণযোগ্য হয়। তাঁরা হয়তো রাজ্যের কোনও প্রত্যন্ত অঞ্চলের স্কুলে পড়ান। এ বার তাঁদের ক্লাস যাবে অনলাইনেও। যে কোনও স্কুলের পড়ুয়া তা পারবেন।
কোনও কঠিন বিষয়কে সহজে কী ভাবে বোঝানো যায়, তা ভিডিও তৈরি করে দফতরে পাঠিয়ে দিতে পারেন শিক্ষকেরা। পর্যালোচনা করে দফতর তা নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করবে। এ বিষয়ে পর্যালোচনার জন্য দফতর একটি দল গঠন করেছে।
পাঠ্য বিষয়ের নানা অধ্যায় কী ভাবে সহজে পড়ুয়াদের কাছে তুলে ধরা যায় ভিডিও-র মাধ্যমে, তা নিয়ে ইতিমধ্যেই শিক্ষকদের প্রশিক্ষিত করতে উদ্যোগী হয়েছেন কর্তৃপক্ষ। এই ভিডিওগুলি বাড়তি সাহায্য করবে বলেই মত তাঁদের। এই পদ্ধতি ব্যবহার করা যাবে ‘দীক্ষা’র (ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং) মাধ্যমে।
যদিও প্রাথমিক ভাবে ওই প্ল্যাটফর্ম ব্যবহারে কিছু জটিলতা রয়েছে বলে অভিযোগ। ফলে কেন্দ্রের কাছে অ্যাপ সরলীকরণের আবেদন করা হয়েছে বলে সূত্রের খবর। স্কুলশিক্ষা দফতরের এক কর্তা জানান, এই অ্যাপ তৈরি করেছে এনসিইআরটি (ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং)। ২০২৫-এর ডিসেম্বরে রাজ্য সরকার এই অনলাইন প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের নাম নথিভুক্ত করায়। তারপর থেকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি পর্যন্ত নানা কর্মশালার মাধ্যমে ভিডিও তৈরির কাজ করে এসসিইআরটি (স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং)।
ওই দফতরের এক কর্তা জানান, ইতিমধ্যে ‘দীক্ষা’ নামের অ্যাপটিতে দেওয়ার জন্য ১৬৬টি ভিডিও তৈরি হয়ে গিয়েছে। সেখানে দেখানো হয়েছে কী ভাবে সহজে পড়ুয়াদের জটিল বিষয় বুঝিয়ে দেওয়া যায় এবং পড়ুয়ারা দৃশ্য-শ্রাব্য মাধ্যমে সহজেই শিখে নিয়ে পারবে জটিল বিষয়। তা হলে বাড়তি এই উদ্যোগের কারণ কী?
দফতরের এক কর্তা জানান, এমন অনেক শিক্ষকের পড়ানোর কৌশল হয়ত অনেকের থেকে উচ্চ মানের। কিন্তু এমনও হতে পারে তাঁর সন্ধান আমাদের কাছে নেই। কিন্তু তাঁরা যদি এই ভিডিও পাঠিয়ে দেন তাহলে সহজেই আমরা তাঁকে চিহ্নিত করতে পারব। প্রয়োজনে আমরা তাঁর সাহায্যে আবার আরও ভাল করে ভিডিও তৈরি করতে পারব। আমাদের উদ্দেশ্য পড়ুয়াদের কাছে সেরা বিষয়টি তুলে ধরা।