WBCHSE HS result 2026

ফলাফলের নিরিখে স্কুলের অবস্থান কেমন, জানতে পারবেন কর্তৃপক্ষ! নয়া নিয়ম উচ্চ শিক্ষা সংসদের

এই ছবি হাতে থাকলে স্কুলগুলি পড়ুয়াদের দুর্বলতা চিহ্নিত করতে পারবে। ফলে আগামী বছরগুলিতে তাঁরা সতর্ক হতে পারবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৯:১৭

ছবি: সংগৃহীত।

রাজ্যে সার্বিক ভাবে কোন স্কুলের ফল কেমন হল, তা এ বার জানতে পারবেন প্রধানশিক্ষকেরা। বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সময়ে সাংবাদিক সম্মেলনে সংসদের সভাপতি পার্থ কর্মকার জানান, এ বার নতুন পদ্ধতিতে স্কুলগুলি তাদের নিজেদের স্কুলের তথ্য বিশ্লেষণ করতে পারবে— এর নাম ‘বক্সপ্লট’।

Advertisement

সংসদ সূত্রের খবর, সব স্কুলের পোর্টালে এই তথ্য দেওয়া থাকবে। সেখানে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ সহজেই দেখে নিতে পারবেন, তাঁদের ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে স্কুলের স্থান কোথায়। সার্বিক ভাবে স্কুলের ফলাফল কেমন হল, তা-ও জানা যাবে।

এর ফলে বিভিন্ন বিষয়ের মধ্যে তুলনা করতে পারবে স্কুলগুলি। একজন পড়ুয়া যেমন পার্সেন্টাইলের মাধ্যমে জানতে পারেন যে তাঁর স্থান কোথায়, একই ভাবে স্কুলগুলিও জেনে নিতে পারবে সার্বিক ভাবে তার স্কুল কোন অবস্থানে রয়েছে।

মনে করা হচ্ছে, এই ছবি হাতে থাকলে স্কুলগুলি পড়ুয়াদের দুর্বলতা চিহ্নিত করতে পারবে। ফলে আগামী বছরগুলিতে তাঁরা সতর্ক হতে পারবেন। তা ছাড়া, কোনও পড়ুয়া যদি মনে করেন এই পরীক্ষার নম্বর তাঁর মনের মতো হয়নি, তা হলে তিনি ফের পরীক্ষায় বসতে পারবেন। এই সুযোগ আগে ছিল না। তবে সে জন্য তাঁকে অপেক্ষা করতে হবে পরের বছরের জন্য। ফলে বছর নষ্ট হবে।

যদিও সংসদ সূত্রের খবর, পরের বছরের জন্য অপেক্ষা করার ক্ষেত্রে নতুন নীতি প্রবর্তিত হতে পারে আগামী দিনে। পাশাপাশি এ দিন প্রশ্ন ওঠে যে, সেমেস্টার করার ফলে পাশের হার গত বছরের তুলনায় খুব সামান্য বেড়েছে। কোথায় সমস্যা হল, প্রশ্ন উঠতেই সভাপতি জানান, সেমেস্টার শুধু নম্বর বেশি পাওয়ার জন্য করা হয়নি।

Advertisement
আরও পড়ুন