skill-based course 2026

উচ্চ মাধ্যমিকের পর ইভেন্ট ম্যানেজমেন্ট! কোথায় মিলবে পড়ার সুযোগ, রইল খুঁটিনাটি

স্কুলের পড়াশোনা শেষ করেই চাকরির সন্ধানে নানা ধরনের কোর্স করার প্রতি আগ্রহ বাড়ছে নতুন প্রজন্মের। তেমনই একটি কোর্স ইভেন্ট ম্যানেজমেন্ট। এই বিষয়ে কোথায় পড়াশোনা করা যায়, চাকরি বা ব্যবসার সুযোগ কেমন, সেই সব আলোচনা করা হল এই প্রতিবেদনে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ০৮:৫৮
ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা।

ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা। ছবি: সংগৃহীত।

আগামী মে মাসের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল। গত কয়েক বছরের প্রবণতা বলছে, পেশাভিত্তিক কোর্সে করার প্রতি ঝোঁক বা়ড়ছে পড়ুয়াদের। পড়াশোনা শেষের পরই চাকরির সন্ধানে নানা ধরনের কোর্স করছে আধুনিক প্রজন্ম। তেমনই একটি কোর্স ইভেন্ট ম্যানেজমেন্ট। এই বিষয়ে পড়াশোনা কোথায় করা যায়, কী কী চাকরির সুযোগ রয়েছে সেই সব আলোচনা করা হল এই প্রতিবেদনে।

Advertisement

কী পড়া যায়?

ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে সরাসরি স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের অনার্স কোর্স নেই। ভ্রমণ ও ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পড়ার সময় ইভেন্ট ম্যানেজমেন্ট পড়ানো হয়। তবে এই বিষয়ে ব্যাচেলর অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন এবং মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন পড়া যায়। তবে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমার সুযোগ রয়েছে।

কোন কোন প্রতিষ্ঠানে পড়া যায়?

মুম্বই বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়া প্রতিষ্ঠানে ভ্রমণ ও পর্যটন ব্যবস্থাপনা বিষয়ের সঙ্গে ইভেন্ট ম্যানেজমেন্ট পড়ার সুযোগ রয়েছে। এ ছাড়াও ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্যুরিজ়ম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট থেকে ডিপ্লোমা পড়া যায়।

কী কী পড়তে হয়?

জনসংযোগ, ইভেন্ট প্ল্যানিং, ওয়েডিং প্ল্যানিং, কর্পোরেট ইভেন্ট ম্যানেজমেন্ট, স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট, এক্সিবিশন ও ট্রেড শো ম্যানেজমেন্ট , ফেস্টিভ্যাল ও কালচারাল ইভেন্ট ম্যানেজমেন্ট অথবা নন-প্রফিট ও ফান্ডরেইজিং ইভেন্ট ম্যানেজমেন্ট ক্ষেত্রগুলি থাকে কাজের জন্য। এর মধ্যে কোনও একটি বিষয়কে বিশেষপত্র হিসাবেও বেছে নেওয়া যেতে পারে।

বিশেষ দক্ষতা

এই পেশার জন্য অবশ্য প্রথাগত পড়াশোনার বাইরে বিশেষ দক্ষতা থাকাও প্রয়োজন। সকলের সঙ্গে যোগাযোগ করা, আয়-ব্যয়ের সমতা তৈরি করা, সৃজনশীলতা, সময় সম্পর্কে সচেতনতা থাকা জরুরি।

পেশাগত সুযোগ

ইভেন্ট প্ল্যানার, ইভেন্ট কো-অর্ডিনেটর, ইভেন্ট ম্যানেজার, ইভেন্ট প্রডিউসার, ভেনু ম্যানেজার পদগুলিতে কাজ করার সুযোগ থাকে। কোনও সংস্থাতে যুক্ত হয়েও কাজ করার সুযোগ থাকে। পাশপাশি একক ভাবেও ব্যবসা শুরু করা যেতে পারে। সে ক্ষেত্রে সরবরাহকারী-সহ বাকি কাজগুলিও করতে হয়।

Advertisement
আরও পড়ুন