Learn Game Coding

নিজের হাতে বানিয়ে ফেলা যায় মোবাইল গেম! পড়াশোনা এগোবে কোন পথে?

মোবাইল গেম থেকে চোখ সরতে চায় না! নিজে ওই গেম বানিয়ে ফেলতে পারলেই কেল্লা ফতে। ভাল চাকরিও মিলে যেতে পারে। কিন্তু কোন পথে পড়াশোনা করলে সফল হওয়া যায় এ বিষয়ে? রইল খুঁটিনাটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ০৯:০০
গেম ডেভেলপমেন্ট কোর্সের খুঁটিনাটি।

গেম ডেভেলপমেন্ট কোর্সের খুঁটিনাটি। ছবি: সংগৃহীত।

গত দু’দশকে মোবাইল ‘গেম’-এর আকর্ষণ ছড়িয়ে পড়েছে মাদকের মতো। তারও বহু আগে থেকেই কম্পিউটারে নানা খেলায় আসক্ত ছিল তরুণ প্রজন্ম। কিন্তু সস্তার ইন্টারনেট সংযোগ এবং হাতে হাতে মোবাইল আসায় সেই গেম যেন নতুন প্রাণ পেয়েছে। এর যেমন খারাপ দিক রয়েছে, তেমনই ভাল দিকও রয়েছে।

Advertisement

কিন্তু কী এমন আকর্ষণ রয়েছে এই গেমগুলির, যাতে আসক্তি জন্মায়? কারা তৈরি করেন গেম? কোন বিষয়ে পড়াশোনা করলে গেম তৈরি করা যায়? এই প্রতিবেদনে রইল সেই সবের খুঁটিনাটি।

গেম তৈরির মশলা

ডিজিটাল গেম তৈরির জন্য পাইথন, সি-এর মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ়, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম, লাইভ স্ট্রিমিং-এর মতো বিষয়ে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

কৃত্রিম মেধার যুগে ন্যারেটিভ ডিজ়াইন, ক্যারেক্টার ডিজ়াইন, টু-ডি বা থ্রি-ডি আর্ট, সাউন্ড ডিজ়াইন-এর মতো বিষয়গুলিতে দক্ষতা থাকতে হয়।

যোগ্যতা

দ্বাদশ শ্রেণির পরই এই বিষয় নিয়ে স্নাতক স্তরে পড়া যায়। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিষয়ে ভাল নম্বর-সহ দ্বাদশ উত্তীর্ণ হলে ভবিষ্যতে ভাল সুযোগ মিলতে পারে।

কোন পথে পড়াশোনা

কম্পিউটার সায়েন্স-এ ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং পড়া যায়। গেম ডেভেলপমেন্ট, গেম প্রোগ্রামিং বিষয়ে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি কোর্স পড়ার সুযোগ রয়েছে। অর্থাৎ, স্নাতক স্তরে গেমিং, অ্যানিমেশন অ্যান্ড গেমিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড গেম ডেভেলপমেন্ট, গেম ডিজ়াইন অ্যান্ড ডেভেলপমেন্ট, গেম আর্ট অ্যান্ড ডিজ়াইন নিয়ে পড়াশোনার সুযোগ মিলতে পারে।

এর পর স্নাতকোত্তর স্তরে পড়া যায়— গেম ডিজ়াইন অ্যান্ড ডেভেলপমেন্ট, কম্পিউটার গ্রাফিক্স অ্যান্স ভার্চুয়াল রিয়্যালিটি, গেমিং, গেম ডেভেলপমেন্ট-এর মতো বিষয়ে। এই কোর্স সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে গেম তৈরির নানা সফটওয়্যারের উপর দখল আসে।

কোন প্রতিষ্ঠানে পড়া যায়

ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিতে (আইআইআইটি) কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার সুযোগ রয়েছে। তবে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা উত্তীর্ণ হতে হয়। এ ছাড়াও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজ়াইন-এ গেমিং সংক্রান্ত কোর্স করানো হয়। বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানেও গেমিং বিষয় নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পড়ানো হয়।

চাকরির সুযোগ

যে সব সংস্থা গেম অ্যাপ তৈরি করেন, সেখানে সুযোগ রয়েছে চাকরির। এ ছাড়াও আইটি সংস্থা, গেম ডেভেলপমেন্ট স্টুডিয়োয় চাকরি পাওয়া যায়। গেম প্লে প্রোগ্রামার, গ্রাফিক্স প্রোগ্রামার, এআই প্রোগ্রামার, ইঞ্জিন ডেভেলপার পদেও চাকরির সুযোগ রয়েছে গেমিং নিয়ে পড়াশোনার পর।

Advertisement
আরও পড়ুন